এই পরিষেবা শুরু হয়েছিল মে মাসে ‘সার্চ ল্যাবস’-এর সীমিত ব্যবহারকারীদের জন্য। এখন তা ধাপে ধাপে সব মার্কিন গ্রাহকদের জন্য চালু হচ্ছে।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 25 July 2025 11:57
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন শপিংয়ের অভিজ্ঞতায় এক নতুন যুগের সূচনা করল গুগল। এবার থেকে শুধুমাত্র জামাকাপড় পছন্দ নয়, সরাসরি দেখে নেওয়া যাবে পরলে কেমন লাগবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সাহায্যে গুগল তাদের শপিং প্ল্যাটফর্মে এনেছে একগুচ্ছ নতুন ফিচার, যার মধ্যে অন্যতম ‘ভার্চুয়াল ট্রাই অন’ বা ভার্চুয়াল পোশাক পরার সুবিধা।
মে মাসে ‘ডপ্পল’ নামে একটি অ্যাপ বাজারে এনেছিল গুগল, যেখানে ভার্চুয়াল ফিটিং রুমের মাধ্যমে ইউজাররা নিজের ডিজিটাল অবতার দিয়ে পোশাক পরখ করতে পারতেন। এবার সেই পরিষেবা আরও বিস্তৃত করে সাধারণ ইউজারদের জন্য নিয়ে আসা হচ্ছে।
কীভাবে কাজ করবে এই পরিষেবা?
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও অ্যাপারেল প্রোডাক্ট লিস্টিং বা গুগল ইমেজে জামা-কাপড় সংক্রান্ত যে অপশন আসবে সেখানে ‘try it on’ আইকনে টাচ করলেই চালু হবে ফিচারটি। নিজের একটি ফুল-লেন্থ ছবি আপলোড করলেই গুগলের এআই জানিয়ে দেবে, কোনও প্যান্ট বা জামা আপনার গায়ে কেমন দেখতে লাগবে। একাধিক পোশাক ট্রাই করে পছন্দের তালিকায় রাখা যাবে, বন্ধুদের সঙ্গে শেয়ারও করা যাবে।
এই পরিষেবা শুরু হয়েছিল মে মাসে ‘সার্চ ল্যাবস’-এর সীমিত ব্যবহারকারীদের জন্য। এখন তা ধাপে ধাপে সব মার্কিন গ্রাহকদের জন্য চালু হচ্ছে। গুগলের দাবি, এতে অনলাইন শপিংয়ের সময় পছন্দের পোশাক কীভাবে মানাবে, তা আগেই বুঝে নেওয়া যাবে। এতে রিটার্ন রেটও অনেক কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শুধু ফ্যাশন নয়, গুগলের এআই এবার নজর রাখবে দামেও। ‘ট্র্যাক প্রাইস’ অপশনে ক্লিক করে নির্দিষ্ট সাইজ, রঙ এবং কাঙ্খিত দামের সীমা নির্ধারণ করে দিলেই, সেই শর্তে মিললে অ্যালার্ট পাঠাবে গুগল। মানে, আর বারবার খোঁজ না করেও নিজের বাজেটের মধ্যে পছন্দের জিনিস পেয়ে যাওয়ার সুযোগ।
গুগলের এআই এখন আরও উন্নত হয়েছে টেক্সট-বেসড সার্চেও। কেউ যদি লেখেন, 'শীতে পরার জন্য চাঙ্কি নিট সোয়েটার' কিংবা 'হাজার টাকার নীচে হালকা গ্রীষ্মকালীন ড্রেস,' সেখান থেকেও নির্ভুলভাবে প্রোডাক্ট সাজেস্ট করবে সার্চ ইঞ্জিন।
এই আপডেটগুলি আপাতত কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরেও চালু হওয়ার সম্ভাবনা প্রবল। উৎসবের মরসুমকে সামনে রেখে অনলাইন ক্রেতাদের জন্য এটি নিঃসন্দেহে বড় উপহার। আর এক ঝলকে ভবিষ্যতের ই-কমার্সের ছবিটাও যেন স্পষ্ট হয়ে উঠল।