রেড মি ১৫ ৫জি-র সবচেয়ে বড় আকর্ষণ, এতে থাকছে ৭০০০mAh ব্যাটারি, যা তৈরি হয়েছে সিলিকন-কার্বন প্রযুক্তিতে।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 29 July 2025 18:51
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বাজেট স্মার্টফোনের বাজারে ফের নতুন চমক দিতে চলেছে শায়োমি (Xiomi)। সংস্থা ঘোষণা করেছে তাদের পরবর্তী বাজেট ফোন Redmi 15 5G, যা Redmi 13-এর উত্তরসূরি হলেও নামের ক্রম অনুসারে Redmi 14 নয়। ১৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে এই ফোন। তবে তার আগেই সংস্থা তাদের ওয়েবসাইটে ফোনটির যাবতীয় স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছে।
রেড মি ১৫ ৫জি-র সবচেয়ে বড় আকর্ষণ, এতে থাকছে ৭০০০mAh ব্যাটারি, যা তৈরি হয়েছে সিলিকন-কার্বন প্রযুক্তিতে। Xiaomi দাবি করছে, এই সেগমেন্টে এমন ব্যাটারি এবং প্রযুক্তি এই প্রথম। যদিও এখনও ফোনটির দাম প্রকাশ করা হয়নি, তবে Redmi 13-র দামের হিসেবে মনে করা হচ্ছে ১৫ হাজারের আশপাশে হতে পারে।
Xiaomi জানিয়েছে, এই ফোন একটানা ১২.৭৫ ঘণ্টা বিজিএমআই এবং ২৩.৫ ঘণ্টা ইউটিউব চালাতে পারবে। এছাড়া রয়েছে ১৮ ওয়াটের রিভার্স চার্জিং অর্থাৎ এই ফোন দিয়েই অন্য ডিভাইস চার্জ করা যাবে। কোম্পানি আরও দাবি করেছে, Redmi 15 5G-ই হল বাজারের ‘সবচেয়ে স্লিম’ ৭০০০mAh ব্যাটারির ফোন।
এটির ডিজাইনেও এসেছে বদল। Redmi 13-এর তুলনায় এতে দেখা যাবে নতুন ক্যামেরা ডেকোরেশন, যা তৈরি হয়েছে অ্যারোস্পেস-গ্রেড ধাতব উপাদান দিয়ে। ফোনের বডি অবশ্য পলিকার্বনেটের। থাকছে তিনটি রঙের বিকল্প, মিডনাইট ব্ল্যাক, ফ্রস্টেড ব্ল্যাক এবং স্যান্ডি পার্পল।
ফ্রন্টে থাকছে একটি ৬.৯ ইঞ্চির বিশাল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪Hz— Xiaomi বলছে, এটাই সেগমেন্টের ‘সবচেয়ে ভাল’ স্ক্রিন।
ফোনের প্রসেসরের দায়িত্বে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন সিক্স এস জেন থ্রি (Qualcomm Snapdragon 6s Gen 3) চিপসেট এবং সফটওয়্যারে থাকবে শায়োমি হাইপার ওএস ২.০। ক্যামেরা বিভাগে থাকছে ৫০ মেগাপিক্সেল এআই চালিত ডুয়াল ক্যামেরা সিস্টেম।