১ অগস্ট থেকে Google Pay, PhonePe, Paytm-সহ অন্যান্য UPI অ্যাপ ব্যবহারকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হচ্ছে।

UPI অ্যাপ
শেষ আপডেট: 26 July 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: ১ অগস্ট থেকে Google Pay, PhonePe, Paytm-সহ অন্যান্য UPI অ্যাপ ব্যবহারকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হচ্ছে। জাতীয় পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) নতুন কিছু গাইডলাইন জারি করেছে, যার ফলে নির্দিষ্ট কিছু ফিচার ব্যবহারে থাকছে দৈনিক সীমা।
এখন থেকে কেউ আর বারবার অ্যাপ খুলে অ্যাকাউন্ট ব্যালান্স দেখতে পারবেন না। একটি নির্দিষ্ট সংখ্যকবারের বেশি চেক করা যাবে না। রিপোর্ট অনুযায়ী, একজন ব্যবহারকারী দিনে সর্বোচ্চ ৫০ বার পর্যন্ত ব্যালান্স চেক করতে পারবেন। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সীমা যথেষ্ট হলেও ছোট ব্যবসায়ীরা, যাঁরা নিজেদের ব্যক্তিগত UPI-তে লেনদেন করেন, তাঁদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।
NPCI জানিয়েছে, সকাল ১০টা থেকে ১টা এবং সন্ধ্যা ৫টা থেকে রাত ৯:৩০—এই সময়কে ‘পিক আওয়ার’ বা ব্যস্ত সময় হিসেবে ধরা হচ্ছে। এই সময়ের মধ্যেই ব্যালান্স চেক, ট্রানজাকশন স্টেটাস দেখা এবং অটোপে অ্যাক্টিভেটের মতো ফিচারে থাকছে সীমা। তবে এই সময়ের বাইরে এই কাজগুলি করতে কোনও বাধা থাকছে না।
Netflix, মিউচুয়াল ফান্ড SIP, বিদ্যুৎ-পানির বিলের মতো পরিষেবার পেমেন্ট যাঁরা অটোপে-তে রাখেন, তাঁদের জন্যও নিয়ম বদলাচ্ছে। ১ অগস্ট থেকে সব ধরনের অটোপে অথরাইজেশন ও ডেবিট প্রসেসিং শুধুমাত্র অফ-পিক আওয়ারে (বাকি সময়) করা যাবে।
UPI ব্যবস্থার উপর ক্রমবর্ধমান চাপ কমাতেই এই সিদ্ধান্ত। প্রতিবার ব্যালান্স চেক বা লেনদেনের সময় ব্যাকএন্ড নেটওয়ার্কে যে চাপ পড়ে, তা কমাতে চাইছে NPCI, যাতে করে পুরো সিস্টেম ক্র্যাশের সম্ভাবনা কমে। NPCI স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সমস্ত ব্যাংক ও পেমেন্ট অ্যাপকে এই নিয়ম মানতেই হবে। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।