অ্যাপল এই নিয়ে যত এগোচ্ছে, ততই পরিষ্কার, ভবিষ্যতের আইফোন (Apple iPhone) হয়তো একদমই সিম-স্লটবিহীন (no sim slot in iPhone) হতে চলেছে।

ছবি - গুগল
শেষ আপডেট: 6 December 2025 18:33
দ্য ওয়াল ব্যুরো: অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন (foldable iPhone) নিয়ে গুঞ্জন চলছেই বহুদিন। কিন্তু চিন থেকে ভেসে আসা কিছু কানাঘুষো বেশ স্পষ্ট এক ইঙ্গিত দিচ্ছে। আর তার মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে যে খবর, তা বলছে, আইফোন ফোল্ডে (iPhone Fold)-এ কোনও ফিজিক্যাল সিম কার্ড স্লট (no physical sim slot in iPhone fold) থাকতে নাও পারে। অর্থাৎ, অ্যাপল হয়তো সম্পূর্ণভাবে ই-সিম (eSIM)-এর উপর নির্ভরশীল ফোল্ডেবল আইফোন আনতে চলেছে।
উইবো-তে চিনা টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটালের দাবি, “iPhone Fold-এ খুব সম্ভবত কোনও সিম কার্ড স্লট থাকবে না, শুধু ই-সিম সাপোর্ট থাকবে।” যদিও এই প্রযুক্তি এখন যথেষ্ট পরিণত, তবু সূত্রের খবর এই সিদ্ধান্ত চিনের মতো বাজারে সমস্যা তৈরি করতে পারে, কারণ এখনও ই-সিম ব্যবহার সেখানে ব্যাপকহারে শুরু হয়নি।
ভারতীয় ক্রেতাদের জন্য কোন চমক?
যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে ভারতীয় ক্রেতাদের ধীরে ধীরে ফিজিক্যাল সিম ছাড়ার প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের। যদিও ভারতের ক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই সুবিধাজনক। কারণ জিও, এয়ারটেল, ভিআই - এই তিন প্রধান টেলিকম অপারেটরই ইতিমধ্যে ই-সিম সাপোর্ট দেয়। কোনও দোকানে যাওয়ার দরকার নেই, পুরো ই-সিম অ্যাক্টিভেশন প্রসেস-ই ডিজিটালি করা যায়।
তাই প্রথমদিকে কিছু ব্যবহারকারীর বিভ্রান্তি থাকলেও, ভারতের টেলিকম পরিকাঠামো ই-সিম-এর জন্য প্রায় তৈরি।
অ্যাপলের জন্য এই পরিবর্তনের কারণও বেশ যুক্তিযুক্ত। ফিজিক্যাল সিম স্লট বাদ দিলে ভিতরে বেশি জায়গা পাওয়া যায়, বড় ব্যাটারি বা অতিরিক্ত কম্পোনেন্ট রাখা যায়, ডিজাইন আরও সিম্পল এবং শক্তপোক্ত হয়, ধুলো বা জল ঢোকার সম্ভাবনা কমে এবং নতুন লেআউটের কারণে ব্যাটারি লাইফও বাড়তে পারে বলে ধারণা।
কেমন হতে পারে অ্যাপলের প্রথম ফোল্ডেবল?
ই-সিম ছাড়াও, ফোল্ডেবল আইফোন নিয়ে আরও কিছু আকর্ষণীয় তথ্য সামনে এসেছে।
১. ডিসপ্লে সাইজ
৫.৫-ইঞ্চির বাইরের স্ক্রিন এবং ৭.৮-ইঞ্চির ইনার ডিসপ্লে, যা ভাঁজ-ও হবে।
উল্লেখযোগ্য তথ্য, অ্যাপল নাকি এমন প্রযুক্তি পেয়েছে যা ফোল্ডিং-এর ভাঁজ প্রায় পুরোপুরি অদৃশ্য করে দেবে। যা সত্যি হলে বাজারের অন্যান্য ফোল্ডেবলের তুলনায় এই আইফোন এক লাফে বাকিদের তুলনায় এগিয়ে যেতে পারে।
২. প্রসেসর ও পারফরম্যান্স
ডিভাইসে থাকতে পারে A20 Pro চিপ, যা TSMC-এর 2nm প্রসেসে তৈরি। এটি হবে বাজারের অন্যতম শক্তিশালী ও কার্যকর মোবাইল চিপসেট।
৩. ব্যাটারি প্রযুক্তি
এতে থাকতে পারে সিলিকন-কার্বন ব্যাটারি, যা কম ওজন ও কম জায়গায় বেশি ব্যাকআপ দিতে সক্ষম।
৪. ডিজাইন
ফোনটি নাকি হবে “দুটি iPhone Air-কে পাশাপাশি রাখলে যে পুরুত্ব হয়, তার সমান”- অর্থাৎ খুব হালকা নয়, কিন্তু ফোল্ডেবল হিসেবে যথেষ্ট কমপ্যাক্ট।
৫. ক্যামেরা
অন্য চমক, ২৪ মেগাপিক্সেল আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা, দাবি সূত্রের। যদি সত্যি হয়, তাহলে এটি হতে পারে বাজারের সবচেয়ে কার্যকর আন্ডার-স্ক্রিন ক্যামেরা।
ভারতের বাজারে কবে আসছে?
iPhone Fold ২০২৬ সালের শেষ দিকে আসতে পারে বলে ধারণা। ফোল্ডেবল স্ক্রিন নয়, ভারতের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হবে ফোনে সিম স্লট-ই না থাকার বিশেষ এই ফিচার। অ্যাপল এই নিয়ে যত এগোচ্ছে, ততই পরিষ্কার, ভবিষ্যতের আইফোন হয়তো একদমই সিম-স্লটবিহীন হতে চলেছে।