একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ২০২৫ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত দুর্বল পাসওয়ার্ডগুলোর মধ্যে এগুলো রয়েছে। গবেষকরা বলছেন মানুষের আলস্য ও সহজ পাসওয়ার্ড ব্যবহার বাড়তে থাকায় হ্যাকিংয়ের ঝুঁকি বেড়ে যাচ্ছে; অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষায় অন্তত ১২ অক্ষরের, বড় ছোট অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিশ্রণের পাসওয়ার্ড রাখা উচিত।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 November 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: সাইবার নিরাপত্তার গুরুত্ব নিয়ে বারবার সতর্ক করা হলেও, ২০২৫ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডগুলির তালিকা দেখে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। ‘কমপারিটেক’ (Comparitech)-এর এক গবেষণায় দেখা গিয়েছে, এখনও বহু মানুষ এমন পাসওয়ার্ড ব্যবহার করছেন, যা সহজেই অনুমান করা সম্ভব।
গবেষকরা ২০২৫ সালে বিভিন্ন ডেটা ব্রিচ ফোরামে ফাঁস হওয়া ২০০ কোটিরও বেশি অ্যাকাউন্টের তথ্য পরীক্ষা করেছেন। সেই তালিকায় সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হিসেবে উঠে এসেছে ‘123456’, ‘admin’, ‘password’, ‘qwerty’ এবং ‘India@123’। রিপোর্টে বলা হয়েছে, ‘123456’ পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন প্রায় ৭৬ লক্ষ মানুষ। অন্যদিকে ‘admin’ ব্যবহার করেছেন ১৯ লক্ষেরও বেশি মানুষ। ‘India@123’ ছিল ১০০টি সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় ৫৩তম স্থানে।
সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি পাসওয়ার্ডের তালিকা-
১. 123456
২. 12345678
৩. 123456789
৪. admin
৫. 1234
৬. Aa123456
৭. 12345
৮. password
৯. 123
১০. 1234567890
গবেষকরা মন্তব্য করেছেন, মানুষের আলস্যের কারণেই পাসওয়ার্ড অনুমান করা এখন 'ABC বা 123-এর মতো সহজ' হয়ে গিয়েছে।
কীভাবে তৈরি করবেন শক্তিশালী পাসওয়ার্ড?
মাইক্রোসফটের পরামর্শ অনুযায়ী, পাসওয়ার্ডের দৈর্ঘ্য অন্তত ১২ অক্ষর হওয়া উচিত। তাতে থাকতে হবে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্নের মিশ্রণ। পরিবারের কারও নাম, ব্যক্তি, প্রোডাক্ট বা কোনও চরিত্রের নাম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে। এই রিপোর্টটি এমন সময় সামনে এসেছে, যখন সম্প্রতি ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামের মূল নিরাপত্তা ব্যবস্থায়ও ধরা পড়েছে দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের ঘটনা। তদন্তে জানা গিয়েছে, মিউজিয়ামের কোর সিকিওরিটি সিস্টেমের পাসওয়ার্ড ছিল “LOUVRE।”
ফ্রান্সের ন্যাশনাল সাইবার সিকিওরিটি এজেন্সি (ANSSI) ১৯ অক্টোবরের চুরির ঘটনার তদন্তে এই তথ্য পায়। প্রায় ৯০০ কোটি টাকার শিল্পকর্ম চুরি গিয়েছিল সেদিন। চার জনের একটি দল নির্মাণকর্মীর পোশাকে ও হেলমেট পরে দিনের আলোয় ‘চেরি পিকার’ ব্যবহার করে পৌঁছেছিল মিউজিয়ামের ‘অ্যাপোলো গ্যালারি’-তে।
এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালের অডিটে মিউজিয়ামের ভিডিও সার্ভার সিস্টেমে একই ধরনের দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের বিষয়টি চিহ্নিত করা হয়েছিল। তদন্তকারীরা জানিয়েছেন, কেউ যদি ওই সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তবে মিউজিয়ামের শিল্পকর্ম চুরি বা ক্ষতির পথ অনেক সহজ হয়ে যায়।