বিশ্বজুড়ে প্রায় ২৫০ কোটি জিমেইল (gmail) ব্যবহারকারী রয়েছেন। ফলে এটি গুগল হ্যাকারদের অন্যতম বড় টার্গেট।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 27 August 2025 13:00
দ্য ওয়াল ব্যুরো: সাইবার ক্রাইম (cyber crime) নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা ছড়ানোর চেষ্টা করছে সাইবার বিশেষজ্ঞ মহল। ডিজিটাল যুগে (digital era) নানারকম ভাবে প্রতারিত হওয়ার সংখ্যাটা ক্রমশ বেড়েই চলেছে। এদিকে সবচেয়ে বিশ্বস্ত এবং বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগলের নিরাপত্তা (google security) নিয়েও কপালে ভাঁজ পড়ছে সাইবার বিশেষজ্ঞদের।
ইদানীং অনেক ব্যবহারকারী গুগল থেকে আসা নিরাপত্তা সতর্কবার্তার (security alert) মতো দেখতে ইমেল পাচ্ছেন। বার্তায় লেখা থাকে, ‘Suspicious Sign-in Alert’। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ ধরনের সতর্কবার্তার আড়ালে লুকিয়ে রয়েছে পরিকল্পিত ফিশিং জাল বা স্ক্যাম।
এই ভুয়ো ইমেলগুলো হুবহু গুগলের অফিসিয়াল সিকিউরিটি ওয়ার্নিং-এর (google official security warning) মতো সাজানো হয়। এর মূল উদ্দেশ্য ব্যবহারকারীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, যাতে তারা তড়িঘড়ি মেইলে দেওয়া লিঙ্কে (malicious link) ক্লিক করে। লিঙ্কে ঢুকলেই ব্যবহারকারীর সামনে খুলে যায় নকল লগইন পেজ (log in page), যেখানে পাসওয়ার্ডসহ (password) গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা।
বিশ্বজুড়ে প্রায় ২৫০ কোটি জিমেইল (gmail) ব্যবহারকারী রয়েছেন। ফলে এটি গুগল হ্যাকারদের অন্যতম বড় টার্গেট। গুগলের এক সমীক্ষা অনুযায়ী, নিয়মিতভাবে পাসওয়ার্ড আপডেট করেন মাত্র ৩৬ শতাংশ ব্যবহারকারী। এ দুর্বলতাকেই কাজে লাগায় প্রতারকরা।
কীভাবে কাজ করে এই প্রতারণা ছক?
১. প্রথমে ব্যবহারকারীকে ভুয়ো সতর্কবার্তা পাঠানো হয়।
২. তাতে বলা হয়, আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক সাইন-ইন ধরা পড়েছে।
৩. মেইলে দেওয়া লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারী পৌঁছে যান নকল গুগল লগইন পেজে।
৪. সেখানে পাসওয়ার্ড দিলেই তা সরাসরি চলে যায় প্রতারকদের হাতে।
অনেক সময় গুগলের কর্মী সেজেও আপনার কাছে ফোন বা মেসেজ আসতে পারে হ্যাকারদের, এআই ভয়েস ক্লোন করে অনেক বেশি বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা হতে পারে। কিন্তু সন্দেহজঙ্ক কিছু মনে হলে কোনওভাবেই সেই ফাঁদে পা দেবেন না। এমনকী কোনভাবেই কোনও ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, কী শেয়ার করবেন না।
আরও কোন ফাঁদে ফেলা হতে পারে ব্যবহারকারীদের?
• ফ্রি গিফট অফার: বিনা মূল্যে পুরস্কার বা উপহার পাওয়ার প্রলোভন।
• ভুয়ো সাবস্ক্রিপশন ক্যানসেল মেসেজ: বলা হয় সাবস্ক্রিপশন বন্ধ করতে হলে লিঙ্কে ক্লিক করতে হবে।
• নকল টেক সাপোর্ট কল বা মেইল: দাবি করা হয় আপনার অ্যাকাউন্ট বা কম্পিউটার হ্যাক হয়েছে।
কীভাবে বাঁচবেন এই চক্র থেকে?
• ইমেলে আসা লিঙ্কে ক্লিক করার আগে প্রেরকের ঠিকানা যাচাই করুন।
• সন্দেহজনক হলে সরাসরি accounts.google.com এ গিয়ে লগইন করুন। সেখানে থাকা সিকিউরিটি ট্যাবে ক্লিক করে recent security events চেক করুন। এতে অ্যাকাউন্টের সঠিক অ্যাক্টিভিটি নিয়ে তথ্য চেক করে নিতে পারবেন।
• নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং অক্ষর, সংখ্যা, চিহ্ন মিশিয়ে জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন।
• অবশ্যই টু-স্টেপ ভেরিফিকেশন (two step verification) চালু রাখুন।
• অচেনা জায়গা থেকে আসা অ্যাটাচমেন্ট (attachment) কখনও ডাউনলোড করবেন না।
• ব্রাউজার নয় - অ্যাপ ব্যবহার করুন, এতে আপনার তথ্য, পাসওয়ার্ড অনেক বেশি সুরক্ষিত থাকে।
বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেট প্রতারণা রুখতে ব্যবহারকারীর সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার। তাই সতর্ক থাকুন, ভুয়ো অ্যালার্টে বিভ্রান্ত হবেন না।