দেশঁর জায়গায় যে জিদানই বসতে চলেছেন—এই জল্পনা দীর্ঘদিন ধরে গুঞ্জরিত হচ্ছিল। এবার এতে সিলমোহর দিলেন প্রাক্তন রিয়াল ম্যানেজার৷

জিদান
শেষ আপডেট: 28 May 2025 19:03
দ্য ওয়াল ব্যুরো: তিনি দেশকে একবার বিশ্বকাপ জিতিয়েছেন। আরও একবার খেতাবজয়ের কাছাকাছি পৌঁছে যান। কিন্তু ট্রফি হাতে তুলতে পারেননি। ঢুঁসো মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। নায়কের নিষ্ক্রমণ হয় খলনায়ক বেশে!
সেই অধরা কাজ শেষ করতে ফের একবার জাতীয় দলে (France National Football Team) ফিরতে চাইছেন জিনেদিন জিদান (Zinedine Zidane)। তবে খেলোয়ার্ডের জার্সিতে নয়, কোচের কুর্সিতে। সামনের বছর বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়বেন ফ্রান্সের জাতীয় দলের কোচ ও জিদানের একদা সতীর্থ দিদিয়ে দেশঁ। প্রকাশ্যে সেকথা জানিয়েও দিয়েছেন।
তিনি দায়িত্ব ছাড়লে কোচের চেয়ারে কে বসবেন—এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই ফুটবল মহলে ঘুরপাক খাচ্ছিল। দৌড়ে এগিয়ে ছিলেন জিদান। যিনি রিয়াল (Real Madrid) ছাড়ার পর বেশ কয়েক বছর ধরে ‘কর্মহীন’।
দেশঁর জায়গায় যে জিদানই বসতে চলেছেন—এই জল্পনা দীর্ঘদিন ধরে গুঞ্জরিত হচ্ছিল। এবার এতে সিলমোহর দিলেন প্রাক্তন রিয়াল ম্যানেজার৷ একটি অনুষ্ঠানে এই বিষয়ে প্রশ্ন করা হলে জিদান বলে দেন, ‘স্বপ্নের দায়িত্ব। ফ্রান্সের কোচ হওয়ার জন্য মুখিয়ে রয়েছি। মনে হয় আমি এর জন্য উপযুক্ত। দলের হয়ে তেরো-চোদ্দো বছর ধরে খেলেছি। তাই সত্যি বলতে, এটা আমার কাছে স্বপ্ন৷ আর যেন অপেক্ষাই হচ্ছে না!’
দেশঁ ফ্রান্সকে আঠারোর বিশ্বকাপ জেতান। ইউরোর ফাইনালে তোলেন৷ গতবারের বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল ফ্রান্স৷ কিন্তু হারতে হয় আর্জেন্তিনার কাছে। অন্যদিকে জিদানের রিয়াল তিনবার চ্যাম্পিয়নস লিগ এবং দু'বার লা লিগা জেতে। ২০২১ সালে ক্লাবের দায়িত্ব ছেড়ে দেন। এরপর ইউরোপের একাধিক ক্লাবের সম্ভাব্য কোচ হিসেবে তাঁর নাম উঠলেও জিদান কোনও দলের সঙ্গেই যুক্ত হননি।