এক গোলে এগিয়ে লড়াইয়ে আধিপত্য আরও বাড়িয়ে তোলে বার্সেলোনা। ৮০ মিনিটের মাথায় অপ্রতিরোধ্য লামিন ইয়ামালকে রুখতে ব্যর্থ এস্পানিয়লের লেয়ান্দ্রো কাবরেরা কনুক দিয়ে গুঁতো মারায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

বার্সেলোনা
শেষ আপডেট: 16 May 2025 11:07
দ্য ওয়াল ব্যুরো: ‘এল ক্লাসিকো’য় (El Classico) লিগ খেতাবের (La Liga) ভবিতব্য মোটামুটি স্থির হয়ে গিয়েছিল। গতকাল সেই সম্ভাবনায় চূড়ান্ত সিলমোহর দিল বার্সেলোনা (Barcelona)। এস্পানিয়লকে (Espanyol) দু'গোলে হারিয়ে ২৮তম লা লিগা ট্রফি ঘরে আনল হান্সি ফ্লিকের টিম।
আগের সপ্তাহেই রুদ্ধশ্বাস ম্যাচে রিয়াল মাদ্রিদকে (Real Madrid) ঘরের মাঠে ৪-৩-এ পর্যুদস্ত করে বার্সা। সাত পয়েন্টে এগিয়ে যায়। বাকি চার ম্যাচে এক পয়েন্ট তুললেই লিগ জয় নিশ্চিত। এই অবস্থায় গতকাল মাঠে নেমে দারুণ শুরু করেন লামিন ইয়ামালরা। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের রাশেই রেখেছিলেন। যদিও প্রতি আক্রমণে গোলের সুযোগ তৈরি করছিল এস্পানিয়ল। বারবার বিপজ্জনক হয়ে উঠছিলেন জাভি পুয়াদো৷ কিন্তু গোলরক্ষক সেজনি বার্সার ত্রাতা হয়ে ওঠেন। রুখে দেন একাধিক গোলমুখী শট৷
পাশাপাশি রক্ষণ দুর্ভেদ্য করে তোলায় বল পজেশন ধরে রেখেও গোলের সুযোগ বের করতে ব্যর্থ হয় বার্সেলোনা৷ এমন সময় জ্বলে ওঠেন বছর সতেরোর ইয়ামাল। ট্রেডমার্ক ধাঁচে রাইট উইং ধরে ছুটতে ছুটতে ভেতরে ঢুকে শট নেন। বাঁকানো শট জালে জড়াতেই উচ্ছ্বাসে ভেসে যায় বার্সা বেঞ্চ। সতীর্থ পেদ্রি এই গোল নিয়ে ম্যাচের শেষে বলেন, ‘লামিন প্র্যাকটিসে এমন গোল অনেক করে। এটা অনুশীলনের ফসল৷ আজও ওয়ার্ম আপে এমন গোল দুবার করেছে। আমার উচিত ওর খেয়াল রাখা যাতে ও নিজের সেরাটা বের করে আনতে পারে। লামিন অসাধারণ ফুটবলার।’
এক গোলে এগিয়ে লড়াইয়ে আধিপত্য আরও বাড়িয়ে তোলে বার্সেলোনা। ৮০ মিনিটের মাথায় অপ্রতিরোধ্য লামিন ইয়ামালকে রুখতে ব্যর্থ এস্পানিয়লের লেয়ান্দ্রো কাবরেরা কনুক দিয়ে গুঁতো মারায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দশ জনের প্রতিপক্ষের বিরুদ্ধে আরও তেড়েফুঁড়ে খেলতে শুরু করে বার্সা। পরিবর্ত হিসেবে নামা লোপেজের পা থেকে আসে জয়সূচক গোল। তিন পয়েন্ট নিশ্চিত হয়। লিগ খেতাবও৷ দু'ম্যাচ বাকি থাকতেও লা লিগা ফের একবার ক্যাবিনেটে তুললেন হান্সি ফ্লিক। তাও প্রথম মরশুমে।
এই সাফল্য কতটা আনন্দ দিয়েছে? ম্যাচ শেষে এই নিয়ে বলতে গিয়ে পেদ্রি বলে দেন, ‘প্রতিদিন তো কেউ লিগ জেতে না৷ তাই আমরা এই ট্রফিজয় উদযাপন করব। এবারের খেতাব যথেষ্ট কষ্টের পর জিততে হয়েছে৷ রাস্তা অনেক জটিল ছিল৷ আমরা সমর্থকদের সঙ্গে এই জার্নি উপভোগ করেছি।’