ফুটবলকে আরও আক্রমণাত্মক, উপভোগ্য করে তুলতে চায় ফিফা। সেই লক্ষ্যেই রেফারিদের হাতে আরও আধুনিক প্রযুক্তি তুলে দেওয়ার কথাও জানালেন ইনফান্তিনো।

মেসির সঙ্গে ইনফান্তিনো
শেষ আপডেট: 29 December 2025 18:35
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ মানেই উন্মাদনা। আর ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) যে অনেক আগেভাগেই উত্তেজনার সীমা-পরিসীমা ছাড়িয়ে যাচ্ছে, প্রমাণ মিলল দুবাইয়ে। মাত্র ১৫ দিনের প্রি–সেল পর্যায়েই দুনিয়াজুড়ে জমা পড়েছে ১৫ কোটি টিকিটের আবেদন। এই চমকে দেওয়ার তথ্যই পে করলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো (Gianni Infantino)।
দুবাইয়ে (Dubai) আয়োজিত ওয়ার্ল্ড স্পোর্টস সামিটের (World Sports Summit) উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ফিফা প্রেসিডেন্ট জানালেন, প্রতিদিন গড়ে প্রায় এক কোটি করে টিকিট কেনার আর্জি জমা পড়েছে। তাঁর কথায়, ‘মাত্র ১৫ দিনে ১৫ কোটি আবেদন—এটাই সত্যি। টিকিটের দামের নানা জল্পনা থাকলেও সংখ্যাগুলো নিজেরাই সব বলে দিচ্ছে।’ ফিফার তথ্য অনুযায়ী, আবেদনের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও গ্রেট ব্রিটেন।
রেকর্ড ভাঙার পথে ২০২৬ বিশ্বকাপ
পাশাপাশি এদিন ইনফান্তিনো আরও একটি চমকপ্রদ পরিসংখ্যান তুলে ধরেন। প্রায় ১০০ বছরের বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট বিক্রি হয়েছে আনুমানিক ৪ কোটি ৪৪ লক্ষ টিকিট। অথচ আসন্ন প্রতিযোগিতার জন্য আবেদনই তার তিন গুণের বেশি! ৪৮টি দল ও ১০৪টি ম্যাচের এই মেগা টুর্নামেন্টে মোট টিকিট বিক্রি ৫ থেকে ৬ কোটির মধ্যে পৌঁছতে পারে, যা ইতিহাসে সর্বোচ্চ।
সামিটে উপস্থিত ছিলেন ফুটবলের একাধিক কিংবদন্তি—রোনাল্ডো নাজারিও, লুইস ফিগো, আন্দ্রেস ইনিয়েস্তা, কার্লেস পুওল, দিদিয়ের দেশঁ, রবার্তো বাজ্জিও, পাওলো মালদিনি, কাফু ও আলেসান্দ্রো দেল পিয়েরো। তাঁদের সামনে দাঁড়িয়েই ইনফান্তিনো ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত মেলে ধরেন।
আরও আক্রমণাত্মক ফুটবলের বার্তা
ফিফা সভাপতি জানান, আগামী ‘দ্য বেস্ট’ (The Best) পুরস্কার প্রদান অনুষ্ঠানও আয়োজিত হবে দুবাইয়ে। পাশাপাশি তুলে ধরেন সাম্প্রতিক ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক সাফল্যের কথাও। ইনফান্তিনোর বক্তব্য, ‘শুধু ম্যাচপিছু ৩ কোটি ৩০ লক্ষ ইউরো আয় নয়, এই টুর্নামেন্ট দেখিয়েছে ফুটবল কতটা বৈশ্বিক। চেলসি বনাম পিএসজি ফাইনালেই খেলেছেন পাঁচ মহাদেশের ১৬টি দেশের ফুটবলার।’ ভবিষ্যৎ নিয়ে তাঁর বার্তা স্পষ্ট—ফুটবলকে আরও আক্রমণাত্মক, উপভোগ্য করে তুলতে চায় ফিফা। সেই লক্ষ্যেই রেফারিদের হাতে আরও আধুনিক প্রযুক্তি তুলে দেওয়ার কথাও জানালেন ইনফান্তিনো।