ক্লপ চিরকালই আদর্শবাদী কোচ হিসেবে পরিচিত। কিন্তু এই সিদ্ধান্ত দেখাচ্ছে, আধুনিক ফুটবলের বাস্তবতায় তিনি আপস নয়, অভিযোজন বেছে নিয়েছেন।

ক্লপ এখন
শেষ আপডেট: 16 January 2026 15:21
দ্য ওয়াল ব্যুরো: তর্কযোগ্যভাবে আধুনিক ফুটবলের সবচেয়ে প্যাশনেট কোচ কি শীতঘুমে চলে গেলেন? নাকি স্বেচ্ছা-অবসরে? এই অন্তরালে থাকাটা পাকাপাকি? নাকি কিছু সময়ের, কয়েক বছরের কাহিনি? তারপর ফের স্বমহিমায় ফিরে আসবেন য়ুর্গেন ক্লাপ (Jurgen Klopp)? দায়িত্ব তুলে নেবেন কোনও ক্লাবের অথবা জার্মানির মতো জাতীয় টিমের!
আশায় বুক বাঁধাই যায়। অতিসাম্প্রতিক হাওয়া যদিও উলটো গীত গাইছে। কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদে কুর্সি হারান জাবি আলনসো (Xabi Alonso)। কানাঘুষা আওয়াজ ওঠে, এবার নাকি ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ (Florentino Perez)-এর অনুমতিক্রমে গদিতে বসতে চলেছেন ক্লপ। কিন্তু সবার প্রত্যাশায় জল ঢেলে লিভারপুল (Liverpool)-এর প্রাক্তন কোচ সাফ সাফ জানিয়ে দেন, রিয়ালের পরিস্থিতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল। যদিও তিনি এই মুহূর্তে দুনিয়ার সফলতম ক্লাবে ম্যানেজারের দায়িত্ব নিতে বিন্দুমাত্র উদগ্রীব নন। যেখানে আছেন, বেশ আছেন। যে কাজ করছেন, খুশি মনে করছেন!
এরপরই আসল সওয়াল অনেকটাই ছড়িয়ে পড়ে: ঠিক কোথায় আছেন ক্লপ? কী করছেন? কোনও ক্লাবের দায়িত্বে? ম্যানেজার? নাকি অন্য ভূমিকায়?
টাচলাইন ছেড়ে বোর্ডরুম: ক্লপের নতুন ঠিকানা
সরকারিভাবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে য়ুর্গেন ক্লপ (Jurgen Klopp) আর কোনও ক্লাবের ডাগআউটে দাঁড়িয়ে নেই। তিনি এখন রেড বুল গ্রুপের (Red Bull Group) ‘গ্লোবাল হেড অফ সকার’। অর্থাৎ, কোচ নয়—এক্সিকিউটিভ। এই পদে বসে তিনি দেখভাল করছেন একাধিক দেশের ক্লাব নেটওয়ার্ক: আরবি লাইপজ়িগ (RB Leipzig), আরবি সাল্জবুর্গ (RB Salzburg), নিউ ইয়র্ক রেড বুলস (New York Red Bulls), রেড বুল ব্রাগান্তিনো (Red Bull Bragantino)।
লিভারপুল ছাড়ার সময় ক্লপ বলেছিলেন, ‘২৫ বছর ধরে লাগাতার হাই-প্রেশার কোচিং করেছি। এবার নতুন শুরু দরকার।’অনেকেই ভেবেছিলেন, এই ‘নতুন শুরু’ মানে হয়তো প্রথমে বিশ্রাম, তারপর নতুন কোনও ক্লাবে পা রাখা। যদিও বাস্তবে দেখা গেল, ক্লপ বিশ্রাম নেননি। শুধু জায়গা বদলেছেন। ফুটবল ছাড়েননি, স্রেফ খেলাটাকে দেখার জায়গা বদলেছেন। এই ভূমিকায় তাঁর কাজ কোনও একটি দলের ম্যাচ জেতানো নয়। বরং, গোটা রেড বুল ফুটবল সাম্রাজ্যের দর্শন, কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা—সব কিছুর উপর নজর রাখা। কোচ থেকে সংগঠকের ভূমিকায় রূপান্তর—এটাই ক্লপের কেরিয়ারের সবচেয়ে বড় বাঁক।
‘ক্লপ মডেল’: কোচদের আশ্রয়, খেলোয়াড় তৈরির কারখানা
এই পদে বসে ক্লপ কী করছেন? উত্তরটা খুব সরল নয়। তিনি মাঠে নামছেন না, কিন্তু মাঠের সবকিছুতেই তাঁর ছায়া পড়ছে।
প্রথমত, তিনি রেড বুল নেটওয়ার্কের কোচ ও স্পোর্টিং ডিরেক্টরদের মেন্টর। নিজের অভিজ্ঞতা থেকে জানেন, আধুনিক ফুটবল্ দিনের শেষে, কোচরা কতটা একা। ক্লপের বক্তব্য, তিনি চান ‘শিল্ড’ হতে—যাতে কেউ চাপে পড়লে ফোন করার মতো একজন মানুষ পাশে দাঁড়ান। হয়ে উঠতে পারেন ‘এমার্জেন্সি কন্ট্যাক্ট’!
দ্বিতীয়ত, ট্যালেন্ট ডেভেলপমেন্ট। রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) থেকে মহম্মদ সালাহ (Mohamed Salah)—ক্লপের হাত ধরে বড় হওয়া তারকার তালিকা লম্বা। সেই অভিজ্ঞতাই কাজে লাগিয়ে তিনি রেড বুলের ‘ট্যালেন্ট ফ্যাক্টরি’-কে আরও নিখুঁত করতে চাইছেন। কোথা থেকে ১৭-১৮ বছরের প্রতিভা তুলে আনা হবে, কীভাবে তাদের ধাপে ধাপে এলিট লেভেলে নেওয়া হবে—এই গোটা চেনটাই তাঁর নজরে।
তৃতীয়ত, রেড বুল আইডেন্টিটি। ক্লপ চান, রেড বুলের যে কোনও ক্লাব খেলুক—দেখলেই বোঝা যাবে এটা রেড বুল ফুটবল! হাই-ইনটেনসিটি প্রেসিং, দ্রুত ট্রানজ়িশন, আক্রমণাত্মক মানসিকতা—এই ‘ডিএনএ’ যেন জার্সির নাম না দেখেও ধরা পড়ে।
বিতর্ক, বিরোধিতা ও জার্মান ফুটবলে ক্ষোভ
এই সিদ্ধান্ত অবশ্য সর্বত্র হাততালি কুড়োয়নি। তাঁর নিজের দেশ জার্মানিতেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে। বরুশিয়া ডর্টমুন্ড (Borussia Dortmund) এবং মাইন্জের (Mainz) সমর্থকদের একাংশ মনে করেন, রেড বুল মডেল ঐতিহ্যবাহী জার্মান ফুটবলের বিরুদ্ধে। কর্পোরেট মালিকানার এই রাস্তাকে তাঁরা ‘ফুটবলের আত্মা ধ্বংস’ বলেও আখ্যা দেন।
সেই আবহে ক্লপের রেড বুলে যোগ দেওয়া অনেকের কাছে বিশ্বাসঘাতকতার মতো ঠেকেছে। কিন্তু ক্লপ নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তাঁর কথায়, তিনি কারও পায়ে পা দিতে চাননি। কিন্তু এই প্রজেক্ট তাঁর কাছে ‘ছকভাঙা’। ব্যক্তিগত ও পেশাদার—দু’দিক থেকেই।
এখানে একটা গুরুত্বপূর্ণ ধারা রয়েছে। ক্লপ চিরকালই আদর্শবাদী কোচ হিসেবে পরিচিত। কিন্তু এই সিদ্ধান্ত দেখাচ্ছে, আধুনিক ফুটবলের বাস্তবতায় তিনি আপস নয়, অভিযোজন বেছে নিয়েছেন। প্রশ্নটা নৈতিকতার নয়, বরং টিকে থাকার কৌশলের।
২০২৬ বিশ্বকাপ, রিয়াল মাদ্রিদ… ‘ফেরার দরজা’ কি খোলা?
প্রশ্ন উঠছে, তাহলে কি ক্লপ আর কখনও কোচ হবেন না? উত্তর: হ্যাঁ কিংবা না—কোনওটাই বলা যাচ্ছে না। একদিকে, তিনি নিশ্চিত করেছেন ২০২৬ বিশ্বকাপে (World Cup 2026) তিনি বিশেষজ্ঞ হিসেবে থাকবেন। ম্যাজেন্টাটিভি-তে (MagentaTV) থমাস মুলারের (Thomas Muller) পাশে বসে বিশ্লেষণ করবেন। অর্থাৎ, মাঠের বাইরে থেকেও ফুটবলের কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন না।
অন্যদিকে, ক্লপের চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ শর্ত—যদি জার্মান জাতীয় দলের (Germany National Team) কোচের পদ খালি হয়, তাহলে তিনি রেড বুল ছাড়তে পারবেন। এই ‘এক্সিট ক্লজ’-ই যাবতীয় জল্পনা বাঁচিয়ে রেখেছে।
রইল বাকি রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ক্লপ নিজেই জানিয়েছেন, এই মুহূর্তে নয়। যদিও ফুটবলে ‘এই মুহূর্তে নয়’ শব্দবন্ধের মানে ‘কখনওই নয়’—এমনটা বলা যায় না। ইউরোপের বহু বড় ক্লাবের নজরে, ক্লপ এখনও এলিট লেভেলের কোচ। তবু প্রশ্ন জাগবে, তিনি নিজে কি আর সেই আগের জীবনে ফিরতে চান? এখনকার ক্লপ অনেক বেশি নিয়ন্ত্রিত, দূরদর্শী। প্রতিদিনের ম্যাচ-প্রেসার নেই, কিন্তু প্রভাব অনেক গভীর। হয়তো এটাই তাঁর কেরিয়ারের সবচেয়ে ‘পরিণত অধ্যায়’।
সব মিলিয়ে উত্তরটা স্পষ্ট: য়ুর্গেন ক্লপ কোথাও হারিয়ে যাননি। তিনি আছেন—ফুটবলের গভীরে। শুধু এতদিন যাঁকে আমরা টাচলাইনে দেখতাম, এখন তিনি দাঁড়িয়ে থাকেন বোর্ডরুমে। মুষ্টিবদ্ধ উচ্ছ্বাস নেই, তিরস্কার নেই… কিন্তু পর্দার আড়াল থেকে নেওয়া সিদ্ধান্তগুলো আজও অনেক বেশি দীর্ঘস্থায়ী। এই রূপান্তর সাময়িক, না স্থায়ী—সেটা সময় বলবে। তবে আপাতত সত্যি বলতে একটাই: আধুনিক ফুটবলের অন্যতম আবেগী কোচ এখন সবচেয়ে ঠান্ডা মাথার স্থপতি।