জাবি আলনসো ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে স্বীকার করেছেন, ভিনিসিয়াসকে আরও কিছুক্ষণ মাঠে রাখা গেলেও দলের ভারসাম্য ধরে রাখতে পরিবর্তন জরুরি ছিল।

ভিনিসিয়াস জুনিয়র
শেষ আপডেট: 28 October 2025 14:36
দ্য ওয়াল ব্যুরো: এল ক্লাসিকো (El Clásico) জয়ের পরও শান্ত নন রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা ভিনিসিয়াস জুনিয়র (Vinícius Jr.)। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস–এর (AS) রিপোর্ট বলছে, কোচ জাবি আলনসোর (Xabi Alonso) আচরণে ‘অসম্মানিত’ বোধ করছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। দ্বিতীয়ার্ধে তাঁকে পরিবর্তন করে তুলে নেওয়ায় ক্ষোভ চেপে রাখতে পারেননি। এখন নাকি ক্লাব ছেড়ে যাওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে ভাবছেন!
রবিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে (Santiago Bernabéu) বার্সেলোনার (Barcelona) বিরুদ্ধে ম্যাচ ২–১ স্কোরলাইনে জিতে নেয় রিয়াল। কিন্তু ৭২ মিনিটে ভিনিসিয়াসকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আলনসো। মাঠ ছাড়ার সময়ই স্পষ্ট বোঝা যাচ্ছিল, খুশি নন তিনি। আলনসোর দিকে তাকিয়ে কিছু বলেও বসেন। এএস জানাচ্ছে, বেঞ্চে ফেরার পথে ভিনিসিয়াস নাকি চিৎকার করে ওঠেন, ‘সব সময় আমাকেই কেন? এবার আমি যাচ্ছি। দল ছাড়াই ভালো!’
গত বছর ব্যালন ডি’অরের (Ballon d’Or) তালিকায় নাম উঠেছিল ভিনিসিয়াসের। ক্লাবের অন্যতম ফরোয়ার্ড হিসেবেই দেখা হয় তাঁকে। কিন্তু আলনসোর অধীনে পুরনো হিসেব বদলে গিয়েছে। নতুন কোচ নিজের ট্যাকটিক্যাল ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনে বড় নামকেও তুলে নিতে পিছপা নন। আর তাতেই কপাল পুড়েছে ভিনির।
যদিও ব্রাজিলীয় তারকা প্রকাশ্যে বিষোদ্গার করেননি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে বলেন, ‘রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য বার্তা—বিশেষ করে যারা বের্নাবেউয়ে এসে দলকে সমর্থন দিয়েছেন। এল ক্লাসিকো সব সময়ই আলাদা। মাঠে এবং মাঠের বাইরে অনেক কিছু ঘটে। আমরা চেষ্টা করি ভারসাম্য রাখার, কিন্তু সব সময় সম্ভব হয় না। আমরা কাউকে অপমান করতে চাইনি—না তরুণ খেলোয়াড়দের, না সমর্থকদের। আমরা মাঠে নিজেদের দায়িত্বটাই পালন করেছি!’
অন্যদিকে, জাবি আলনসো ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে স্বীকার করেছেন, ভিনিসিয়াসকে আরও কিছুক্ষণ মাঠে রাখা গেলেও দলের ভারসাম্য ধরে রাখতে পরিবর্তন জরুরি ছিল। কোচের ভাষায়, ‘ভিনিসিয়াস ভালো খেলছিল। শুধু গোলটা আসেনি। ও যখন সবচেয়ে ভালো ছন্দে, তখনই খেলোয়াড় বদল করতে হয়েছে। আমার মনে হয়েছিল, তাজা পা দরকার। শিডিউল এখন খুব ব্যস্ত। তাই এই সিদ্ধান্তই সঠিক মনে হয়েছে!’ পাশাপাশি আরও যোগ করেন, ‘ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর (Franco Mastantuono) ক্ষেত্রেও একই ঘটেছিল। বদলানোর সময় ও বলেছিল, ‘আমাকেও তুলছ?’ আমি বলেছিলাম, ‘হ্যাঁ!’ ভিনিসিয়াসও ঠিক তেমনই প্রতিক্রিয়া দিয়েছে। এটা স্বাভাবিক। কেউই মাঠ ছাড়তে চায় না, বিশেষ করে যখন ভালো খেলছে।’