মাঠে জয়। রিয়াল মাদ্রিদের দুরন্ত পারফরম্যান্স। কিন্তু আলোচনার কেন্দ্রে অন্য ঘটনা—বর্ণবিদ্বেষ! তাও কিনা প্রতিপক্ষ শিবিরের ফুটবলারের বিরুদ্ধে।

ম্যাচের বিতর্কিত মুহূর্ত
শেষ আপডেট: 18 February 2026 10:28
দ্য ওয়াল ব্যুরো: মাঠে জয়। রিয়াল মাদ্রিদের দুরন্ত পারফরম্যান্স। কিন্তু আলোচনার কেন্দ্রে অন্য ঘটনা—বর্ণবিদ্বেষ! তাও কিনা প্রতিপক্ষ শিবিরের ফুটবলারের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) প্লে-অফের প্রথম লেগে বেনফিকার মাঠে ১-০ গোলে জিতল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। একমাত্র গোল করেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior)। গোলের পরই ওঠে বর্ণবিদ্বেষের অভিযোগ। লিসবনের রাত তাই শুধু ফুটবল নয়, বিতর্কেও তপ্ত।
একই রাতে প্যারিস সাঁ জারমাঁ (PSG) দুই গোল পিছিয়ে পড়েও ৩-২ গোলে হারাল মোনাকোকে (Monaco)। ইস্তানবুলে গালাতাসারায় (Galatasaray) ৫-২ ব্যবধানে উড়িয়ে দিল জুভেন্তাসকে (Juventus)। ডর্টমুন্ড (Borussia Dortmund) ২-০ ব্যবধানে এগিয়ে থাকল আটালান্টার (Atalanta) বিরুদ্ধে।
বিতর্কের সূত্রপাত
দ্বিতীয়ার্ধের শুরুতে দুরন্ত শটে গোল করেন ভিনি জুনিয়র (Vinicius Junior)। উদযাপনের সময় তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি। এরপরই পরিস্থিতি বিগড়ে যায়। বেনফিকার (Benfica) জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির (Gianluca Prestianni) সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ব্রাজিলীয় উইঙ্গার। অভিযোগ, প্রেস্টিয়ান্নি তাঁকে ‘মোনো’ (স্প্যানিশ যে শব্দটির অর্থ ‘বানর’) বলে সম্বোধন করেছেন। জুনিয়র রাগের বশে সরাসরি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের (Francois Letexier) কাছে অভিযোগ জানান। কয়েক মিনিট খেলা বন্ধ থাকে। পরে তাঁকে গ্যালারির বিদ্রূপের মুখেও পড়তে হয়।
এখানেই শেষ নয়। বিতর্ক আরও আছে। বেনফিকা কোচ জোসে মোরিনহো (Jose Mourinho) ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ডের দাবি তুলতে গিয়ে লাল কার্ড দেখেন। ফলে দ্বিতীয় লেগে সাইডলাইনে থাকবেন না তিনি। রিয়াল কোচ আলভারো আরবেলোয়ার (Alvaro Arbeloa) মন্তব্য, ‘বর্ণবিদ্বেষ ফুটবল থেকে যে কোনও মূল্যে মুছে ফেলতেই হবে।’
পিএসজির প্রত্যাবর্তন
মোনাকোয় শুরুটা দুঃস্বপ্নের ছিল পিএসজির (PSG)। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন (Folarin Balogun) ৫৫ সেকেন্ডে গোল করেন। ১৮ মিনিটে দ্বিতীয় গোল। পিএসজি জোর চাপে। ভিতিনহা (Vitinha) পেনাল্টি মিস করায় যা কয়েক গুণ বেড়ে যায়। এই সময় উসমান দেম্বেলে (Ousmane Dembele) চোট পেয়ে বেরিয়ে গেলে বদলি হিসেবে নেমে খেলার মোড় ঘোরান দেজিরে দুয়ে (Desire Doue)। এক গোল করেন, আরও একটি অ্যাসিস্ট বাড়ান। আলেকজান্দর গোলভিন (Aleksandr Golovin) লাল কার্ড দেখার পর ৬৭ মিনিটে জয়সূচক গোলও আসে দুয়ের পা থেকে। কোচ লুইস এনরিকে (Luis Enrique) সাবাশি জানানোর সুরে বলেন, ‘ও আলাদা মানের ফুটবলার।’
ইস্তানবুল ও ডর্টমুন্ডে দাপট
গালাতাসারায় (Galatasaray) ৫-২ গোলে হারাল জুভেন্তাসকে (Juventus)। নোয়া ল্যাং (Noa Lang) জোড়া গোলদাতা। ইতালীয় ক্লাবের হুয়ান কাবাল (Juan Cabal) লাল কার্ড দেখেন। অন্যদিকে ডর্টমুন্ড (Borussia Dortmund) ২-০ গোলে হারাল আটালান্টাকে (Atalanta)। সেরহু গিরাসি (Serhou Guirassy) মরসুমের ১৬তম গোল করেন। ম্যাক্সিমিলিয়ান বেইয়ার (Maximilian Beier) ব্যবধান বাড়ান।