প্লে-অফের ড্র-য়ে থাকছে রিয়াল, পিএসজি, নিউক্যাসল, ইন্টার মিলান, জুভেন্টাস, আটালান্টা-সহ একঝাঁক পরিচিত ক্লাব। ফেব্রুয়ারিতে অতিরিক্ত দু’টি ম্যাচ—চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে বাড়তি পরীক্ষা।

বেনফিকা বনাম রিয়াল ম্যাচের দৃশ্য
শেষ আপডেট: 29 January 2026 10:57
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স লিগের (UCL) লিগ-পর্বের শেষ দিন একের পর এক নাটকীয় মোড়। শেষ মুহূর্তের গোল। লাল কার্ড। আর সেই সঙ্গে বড় বার্তা—নামের জোরে আর কিছুই নিশ্চিত নয়! এক বিশৃঙ্খল সমাপ্তির মধ্যেই সরাসরি শেষ ষোলোয় ওঠার সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ (Real Madrid) এবং প্যারিস সাঁ জার্মাঁ (Paris Saint-Germain)। দুই জায়ান্টকেই এখন হাঁটতে হবে প্লে-অফের ঘুরপথে।
বেনফিকার মাঠে রিয়ালের ধাক্কা
ম্যাচ শুরুর আগে পর্যন্ত লিগ টেবিলে তৃতীয় স্থানে ছিল রিয়াল। সরাসরি নক আউটের টিকিট পাকা করার কাজটা কাগজে-কলমে কঠিন হলেও অসম্ভব ছিল না। কিন্তু লিসবনে বেনফিকার (Benfica) বিরুদ্ধে ৪–২ হারের পর সব হিসেব উল্টে গেল। কিলিয়ান এমবাপে (Kylian Mbappé) দু’টি গোল করেও দলকে রক্ষা করতে ব্যর্থ।
এই ম্যাচের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্ত আসে সংযুক্ত সময়ে। রিয়াল তখন ন’জনে খেলছে—রাউল আসেনসিও ও রদ্রিগো লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর রক্ষণ ভেঙে পড়েছে। সেই সুযোগে কর্নার থেকে উঠে এসে হেডে গোল করে বসেন বেনফিকার গোলকিপার আনাতোলি ত্রুবিন! গোলকিপারের গোলে ম্যাচের ভাগ্য নির্ধারণ—এমন দৃশ্য চ্যাম্পিয়ন্স লিগেও বিরল।
এই জয়ের সুবাদে বেনফিকা উঠে আসে ২৪ নম্বরে—গোল পার্থক্যের জোরে। আর রিয়াল নেমে যায় ন’নম্বরে। অর্থাৎ, সরাসরি শেষ ষোলো নয়, প্লে-অফে গা ঘমাতে হবে ডামাডোলে থাকা স্পেনের ক্লাবকে।
ম্যাচের পর বেনফিকার কোচ হোসে মোরিনহো (Jose Mourinho) বলেন, ‘এই জয় ঐতিহাসিক। আমরা জানতাম, ও (ত্রুবিন) এটা করতে পারে।’রিয়ালের প্রাক্তন কোচের মুখে এমন মন্তব্যের আলাদা তাৎপর্য, যাঁরা খেলাটি সরাসরি দেখেছেন, বিলক্ষণ বুঝতে পেরেছেন।
ডামাডোলে পিএসজি-নিউক্যাসল, প্লে-অফে নামল দু’দলই
শেষ দিনের আরেক বড় চমক প্যারিসে। পিএসজি (Paris Saint-Germain) ও নিউক্যাসলের ম্যাচ শেষ হয় ১–১ ড্রয়ে। ফলাফল—দু’দলই ছিটকে গেল টপ-এইটের বাইরে। পিএসজি নামল ১১ নম্বরে, নিউক্যাসল ১২-তে। লিগ-পর্বে শুরুটা ভালো হলেও শেষ দিনে এসে এই ড্র দুই টিমের কাছেই সমস্যার হয়ে দাঁড়াল। যে কারণে গতবারের মতো এবারও প্লে-অফ খেলে শেষ ষোলোয় পৌঁছতে হবে পিএসজিকে। যদিও কোচ লুইস এনরিকে বাস্তববাদী। নির্মোহ সুরে বললেন, ‘আরও ভালো খেলতে পারতাম। কিন্তু পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায়, আমরা এখনও লড়াইয়ে আছি। পরের ম্যাচগুলোর জন্য প্রস্তুত।’
টেবিলের হিসেব, প্লে-অফের যুদ্ধ
নাটকীয় শেষ দিনে লাভবান হয়েছে কয়েকটি দল। স্পোর্টিং লিসবন শেষ মুহূর্তের জয়ে টপ-এইটে ঢুকে পড়েছে। লিভারপুল, টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি ও ম্যানচেস্টার সিটি আগেই নিজেদের জায়গা পাকা করেছিল। আর্সেনাল ও বায়ার্ন মিউনিখও নিশ্চিতভাবে শেষ ষোলোয়।
অন্য প্রান্তে প্লে-অফের ড্র-য়ে থাকছে রিয়াল, পিএসজি, নিউক্যাসল, ইন্টার মিলান, জুভেন্টাস, আটালান্টা-সহ একঝাঁক পরিচিত ক্লাব। ফেব্রুয়ারিতে অতিরিক্ত দু’টি ম্যাচ—চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে বাড়তি পরীক্ষা। এক মুহূর্তের ভুল, অপ্রত্যাশিত গোল, কিংবা লাল কার্ড—সব মিলিয়ে পুরো অভিযান ঘুরে যেতে পারে। রিয়াল আর পিএসজির মতো জায়ান্টদের জন্যও এখন আর ‘সহজ রাস্তা’ বলে কিছু নেই।