রাতের সবচেয়ে একতরফা ম্যাচটা খেলল বায়ার্ন মিউনিখ। ভিনসেন্ট কোম্পানির দল আটালান্টার মাঠে গিয়ে ৬-১ গোলে জিতে এল।

আতলেতিকোর নায়ক আলভারেজ
শেষ আপডেট: 11 March 2026 10:27
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাত রীতিমতো নাটকীয়। বড় নাম মানেই বড় জয়—এই সহজ সমীকরণ খাটেনি। বার্সেলোনা ও লিভারপুল হোঁচট খেয়েছে। অন্যদিকে প্রতিপক্ষকে রীতিমতো তছনছ করে পরের রাউন্ডে এক পা বাড়িয়ে বায়ার্ন মিউনিখ ও আতলেতিকো মাদ্রিদ।
শেষ মুহূর্তে পেনাল্টিতে মান বাঁচল বার্সার
সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের বিরুদ্ধে ৮৬ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল বার্সেলোনা (FC Barcelona)। হার্ভে বার্নসের ভলিতে এগিয়ে যায় ইংল্যান্ডের ক্লাব। মনে হচ্ছিল, মূল্যবান জয় নিয়েই মাঠ ছাড়বে এডি হাউয়ের দল। কিন্তু বার্সা শিবিরের পরিত্রাতা হয়ে ওঠেন লামিন ইয়ামাল (Lamine Yamal)। অতিরিক্ত সময়ে ডানি ওলমো বক্সের ভেতরে ফাউলের শিকার হন। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে সমতা ফেরান ইয়ামাল। ক্যাম্প ন্যুয়ে ফিরতি লেগে এই ড্র হয়ে উঠতে পারে মূল্যবান ফলাফল।
লিভারপুলকে চমকে দিল গালাতাসারে
লিভারপুলের (Liverpool FC) জন্যো ইস্তানবুল সফর ভালো গেল না। খেলা ছিল গালাতাসারে-র বিরুদ্ধে। মাত্র সপ্তম মিনিটে মারিও লেমিনা তুর্কি ক্লাবের হয়ে হেডে গোল করেন। গ্যাব্রিয়েল সারার কর্নারে ভিক্টর ওসিমেন (Victor Osimhen) ফ্লিক করলে বল যায় লেমিনার কাছে, যিনি বল জালে জড়াতে এতটুকু ভুল করেননি! সেটপিস থেকে গোল খাওয়া চলতি মরসুমে লিভারপুলের পরিচিত সমস্যা। গতকালও তার অন্যথা হয়নি।
ম্যাচে ফিরে আসার সুযোগ ছিল যথেষ্ট। ফ্লোরিয়ান ভার্টজ যা হেলায় হারান, ইব্রাহিমা কোনাতের গোল ভার বাতিল করে। শেষ পর্যন্ত ০-১ ব্যবধানে হেরে ফিরে আসছে আর্নে স্লটের দল। যাদের অ্যানফিল্ডে ফিরতি লেগে পিছিয়ে থেকেই শুরু করতে হবে।
স্পার্সকে তছনছ করল আতলেতিকো
টটেনহ্যামের (Tottenham Hotspur) এই সিজন মূর্তিমান বিভীষিকা! এমনিতেই প্রিমিয়ার লিগে অবনমন ঠেকাতে লড়তে হচ্ছে, তার উপর মাদ্রিদে এসে বিপদ বাড়ল। মাত্র ২৫ মিনিটের মধ্যেই লড়াই কার্যত শেষ! স্পার্সের গোলকিপার আন্তোনিন কিনস্কি দু'বার ক্লিয়ারেন্সে পা পিছলালেন। আর সেই দুটো ভুলকেই গোলে পরিণত করলেন মার্কোস লোরেন্তে ও হুলিয়ান আলভারেজ (Julian Alvarez)। আন্তোয়ান গ্রিজম্যান (Antoine Griezmann) ও লে নর্মঁও গোলদাতার লিস্টিতে নাম তুললেন। পেদ্রো পোরো ও ডমিনিক সোলানকে কিছুটা ব্যবধান কমালেও আলভারেজের তৃতীয় গোলে আতলেতিকোর জয় নিশ্চিত। এই নিয়ে পরপর ছ’নম্বর খেলায় পরাস্ত লন্ডনের দল। ঘুরে দাঁড়ানোর আলো ক্রমশ নিভন্ত!
আটালান্টাকে ছয় গোলে ধুয়ে দিল বায়ার্ন
রাতের সবচেয়ে একতরফা ম্যাচটা খেলল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। ভিনসেন্ট কোম্পানির দল আটালান্টার মাঠে গিয়ে ৬-১ গোলে জিতে এল। ২৫ মিনিটের মধ্যেই তিন গোলে দলকে এগিয়ে দেন স্তানিসিচ, মাইকেল ওলিজে ও সার্জ গানাব্রি। দ্বিতীয়ার্ধে ওলিজে আবার, জামাল মুসিয়ালা (Jamal Musiala) ও নিকোলাস জ্যাকসন গোল করেন। আটালান্টার হয়ে সান্ত্বনা গোল পাসালিচের। আলিয়াঁজ অ্যারেনায় ফিরতি লেগে বায়ার্নের জন্য নিছক আনুষ্ঠানিকতা।