উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালের লড়াই এরকম—বায়ার্ন বনাম রিয়াল মাদ্রিদ, লিভারপুল বনাম পিএসজি, আর্সেনাল বনাম স্পোর্টিং লিসবন, বার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদ। কে এগোবে, বলা খুব মুশকিল!

নায়ক ইয়ামাল
শেষ আপডেট: 19 March 2026 10:31
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়নস লিগের (UEFA Champions League) রাত মানেই এখন দুরন্ত ফুটবল। বুধবার রাতে দুটো রোমাঞ্চকর ম্যাচ—একদিকে ক্যাম্প ন্যু-তে বার্সেলোনা (FC Barcelona) নিউক্যাসলকে ৭-২ উড়িয়ে দিল, অন্যদিকে অ্যানফিল্ডে গালাতাসারেকে ৪-০-তে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছাল লিভারপুল (Liverpool FC)। দুই লেগ মিলিয়ে বার্সার পক্ষে গড় স্কোরলাইন ৮-৩, লিভারপুলের ৪-১।
গোলের উৎসব, ইয়ামালের পেনাল্টি
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঢেউ তুললেন রাফিনিয়া—প্রথম গোল তাঁরই। যদিও নিউক্যাসলের (Newcastle United) অ্যান্থনি এলাঙ্গা সমতা ফেরালেন দ্রুত। তারপর মার্ক বের্নাল বার্সাকে এগিয়ে দিলেন। ফের পালটা গোল নিউক্যাসলের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লামিন ইয়ামাল (Lamine Yamal) পেনাল্টি থেকে স্পটকিকে কোনও ভুল করলেন না। বিরতিতে কাতালান ক্লাব এগিয়ে থাকল—৩-২।
দ্বিতীয়ার্ধ কিন্তু একতরফা। ফার্মিন, রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) ও রাফিনিয়া গোলের পর গোল করলেন। শেষমেশ স্কোরলাইন দাঁড়াল ৭-২। নিউক্যাসল ডিফেন্স কার্যত ভেঙে পড়ে তাসের ঘরের মতো। সেখান থেকে প্রত্যাবর্তন সম্ভব হয়নি।
অ্যানফিল্ডে লিভারপুলের কামব্যাক
প্রথম লেগে গালাতাসারের (Galatasaray) মাঠে ১-০ হেরেছিল লিভারপুল। ঘরের মাঠের লড়াইয়ে সেই ধাক্কা কাটিয়ে উঠল দ্রুত। ২৫তম মিনিটে ডোমিনিক সোবস্লাই (Dominik Szoboszlai) প্রথম গোল করেন। এরপর নাটকীয় কায়দায় মহম্মদ সালাহর (Mohamed Salah) পেনাল্টি বাঁচিয়ে দেন গোলকিপার—কিন্তু বিরতির পর একিতিকে, রায়ান গ্রাভেনবার্ক ও সালাহ গোল পান একে একে। যার জেরে তুর্কি ক্লাবের শেষ রক্ষা হল না! কোয়ার্টার ফাইনালে লিভারপুলের সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। যারা চেলসিকে ৮-২ অ্যাগ্রিগেটে হারিয়ে এসেছে জায়গা করে নিয়েছে।
বায়ার্ন-আতলেতিকো কোয়ার্টারে
বুধবার রাতের অন্য দুটো ম্যাচেও বড় খবর। বায়ার্ন মিউনিখ (Bayern Munich) আটালান্টাকে ৪-১ হারিয়ে অ্যাগ্রিগেটে ১০-২-তে কোয়ার্টার ফাইনালে। হ্যারি কেন (Harry Kane) দুই গোল করার সুবাদে হয়ে গেলেন চ্যাম্পিয়নস লিগে ৫০ গোল করা প্রথম ইংরেজ খেলোয়াড়। মাত্র ৬৬ ম্যাচে এই মাইলফলক—ইতিহাসে তৃতীয় দ্রুততম। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid) টটেনহামের মাঠে ৩-২ হেরেও এগোল—প্রথম লেগে ৫-২ জেতার সুবাদে অ্যাগ্রিগেট ৭-৫।
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালের লড়াই এরকম—বায়ার্ন বনাম রিয়াল মাদ্রিদ, লিভারপুল বনাম পিএসজি, আর্সেনাল বনাম স্পোর্টিং লিসবন, বার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদ। কে এগোবে, বলা খুব মুশকিল!