শতদ্রু দত্ত তাঁর ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছেন, কলকাতা ও মুম্বইয়ে অনুষ্ঠিত সেলিব্রিটি ফুটবল ম্যাচে খেলবেন বলিউড তারকা টাইগার শ্রফ।

লিওনেল মেসি ও টাইগার শ্রফ
শেষ আপডেট: 17 October 2025 19:28
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির (Lionel Messi) ভারতে আসার কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। মেসি ম্যানিয়ায় আক্রান্ত হতে শুরু করেছে আসমুদ্র হিমাচল। ফুটবলের যুবরাজের ভারত সফর শুরু হবে ১৩ ডিসেম্বর কলকাতা থেকে। সে দিন সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium) সেলিব্রিটি ফুটবল ম্যাচ দেখবেন মেসি। এছাড়াও তাঁর সেদিন আরও একগুচ্ছ কর্মসূচি রয়েছে।
কলকাতায় মেসি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন দশ লক্ষ টাকা। ওই টাকা তুলে দেওয়া হবে উত্তরবঙ্গের বন্যায় দুর্গত মানুষদের সাহায্যার্থে। এছাড়া তিনি দেখা করবেন পকেট পরোটা খ্যাত রাজুদার সঙ্গে। একই দিনে শ্রীভূমিতে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের একটি ম্যুরালও উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানেও থাকবেন এই কিংবদন্তি ফুটবলার।
পরের দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর মেসির গন্তব্য আমদাবাদ ও মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়াম। ১৫ ডিসেম্বর নয়াদিল্লির (New Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) সাঙ্গ হবে এই ‘গোট কাপে’র (‘GOAT Cup’) জমজমাট পর্ব। ফুটবল ওয়ার্কশপ, কনসার্ট, প্যাডেল এক্সিবিশন, মিট অ্যান্ড গ্রিট—সব মিলিয়ে তিন দিনের এই আয়োজন নিখাদ উৎসব!
এরই মধ্যে মেসি ইভেন্টের প্রধান কারিগর শতদ্রু দত্ত তাঁর ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছেন, কলকাতা ও মুম্বইয়ে অনুষ্ঠিত সেলিব্রিটি ফুটবল ম্যাচে খেলবেন বলিউড তারকা টাইগার শ্রফ (Tiger Shroff)। শতদ্রু ফেসবুকে লিখেছেন, “সুপার ট্যালেন্টেড অভিনেতা, প্রবল প্রতিশ্রুতিবান ফুটবলার ও সুপার ফিট টাইগার শ্রফ কলকাতা ও মুম্বইয়ে অনুষ্ঠিত গোট ট্যুর এডিশনের সেলিব্রিটি ম্যাচের অংশ হতে চলেছেন। টাইগারের বাবা দুরন্ত অভিনেতা জ্যাকি শ্রফ (Jackie Shroff) উপস্থিত থাকবেন গোট ট্যুর সংষ্করণে।”