অনিরুদ্ধ থাপাকে চাইছে মুম্বই সিটি এফসি। আর এ ক্ষেত্রে অনিরুদ্ধ থাপা এবং মেহতাব সিংয়ের মধ্যে একটা 'সোয়্যাপ ডিল' হতে পারে। যদিও এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
.png.webp)
অনিরুদ্ধ থাপা
শেষ আপডেট: 26 May 2025 18:37
দ্য ওয়াল ব্যুরো: গোষ্ঠ পাল সরণির ক্লাবে এখন নির্বাচন নিয়ে চলছে চরম উত্তেজনা। যুযুধান দুই শিবির এখন প্রচারে ব্যস্ত। এর মধ্যেই অশনি সঙ্কেত। এবার নাকি সবুজ-মেরুন শিবির ছাড়তে চলেছেন দলের এক নির্ভরযোগ্য মিডফিল্ডার।
মোহনবাগানের (Mohonbagan) নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেলেও সমর্থকরা এখন গত মরশুমের সাফল্যে বুঁদ হয়ে রয়েছন। ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024-25) দুর্দান্ত পারফরম্যান্স ছিল মেরিনার্সের। লিগ শিল্ড জয়ের পাশাপাশি তারা দ্বিতীয়বার আইএসএল খেতাবও জয় করেছিল। তাই বসন্ত কয়েক মাস আগে চলে গেলেও ফুরফুরে মেজাজেই ছিলেন গঙ্গা পাড়ের ক্লাবের সদস্যরা।
এদিকে আসন্ন মরশুমের জন্য শোনা গিয়েছিল, বেশির ভাগ ফুটবলারকেই ধরে রাখা হবে। কিন্তু সেই আশা কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছে। জানা গিয়েছে, পাল তোলা নৌকার এক গুরুত্বপূর্ণ সওয়ারী নাকি এবার দল ছাড়তে চলেছেন। এই খবর সামনে আসতেই মোহনবাগান সমর্থকরা কিছুটা হলেও চিন্তায় পড়ে গিয়েছেন।
সূত্র মারফত জানা গিয়েছে, মিডফিল্ডার (Midfilder) অনিরুদ্ধ থাপা (Aniruddha Thapa) নাকি মুম্বই সিটি এফসি (Mumbai City FC) থেকে বড় অঙ্কের অফার পেয়েছেন। থাপা মোহনবাগান মাঝমাঠের অন্যতম কাণ্ডারি। বক্স টু বক্স এই মিডিও বাগানের সাফল্যে বিশেষ ভূমিকা নিয়ে চলেছেন গত কয়েক বছর ধরে। তাই তাঁর অনুপস্থিতি দলে বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করছেন সমর্থকরা। যদিও মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এই বিষয়ে।
বেশ কয়েকটি সূত্র মারফৎ শোনা গিয়েছে, অনিরুদ্ধ থাপাকে চাইছে মুম্বই সিটি এফসি। আর এ ক্ষেত্রে অনিরুদ্ধ থাপা এবং মেহতাব সিংয়ের মধ্যে একটা 'সোয়্যাপ ডিল' হতে পারে। যদিও এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে ব্যাপারটা নিয়ে বাগান সমর্থকরা ইতিমধ্যে যথেষ্ট চিন্তায় পড়ে গিয়েছেন। সমর্থকদের অভিমত, থাপাকে মোহনবাগান যদি একান্তই ছেড়ে দেয়, তাহলে পরবর্তীকালে হাত কামড়াতে হতে পারে।