রাহানে এবার প্রধানত ব্যাট করতে নেমেছেন ফার্স্ট ডাউনে। সেওয়াগ মনে করছেন, আরও পরে নামা উচিত ছিল নাইট অধিনায়কের। তিনি সাফ বলেছেন, “এটা কোথাও লেখা নেই যে, অধিনায়ককেই প্রথম তিনে নামতে হবে।”
.png.webp)
অজিঙ্কা রাহানে ও বীরেন্দ্র সেওয়াগ
শেষ আপডেট: 26 May 2025 17:54
দ্য ওয়াল ব্যুরো: রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১১০ রানে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR)। এরপরেই নাইট অধিনায়ক (KKR Captain) অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) ধুয়ে দিলেন নজফগড়ের নবাব বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। বীরুর ক্ষোভ প্রধানত রাহানের ব্যাটিং অর্ডার (Batting Order) নিয়ে।
রাহানে এবার প্রধানত ব্যাট করতে নেমেছেন ফার্স্ট ডাউনে। সেওয়াগ মনে করছেন, আরও পরে নামা উচিত ছিল নাইট অধিনায়কের। তিনি সাফ বলেছেন, “এটা কোথাও লেখা নেই যে, অধিনায়ককেই প্রথম তিনে নামতে হবে।”
বীরু এই প্রসঙ্গে তুলে ধরেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থের উদাহরণ। জাতীয় দলের এই প্রাক্তন ওপেনার বলেন, “পন্থের দিকে দেখুন। ও নিজের আগে অন্য ব্যাটারদের পাঠিয়েছে। কারণ তারা ফর্মে ছিল। এবং এলএসজি সেই সুবিধা পেয়েছে।”
এখানেই থামেননি সেওয়াগ। বলেন, “কেকেআরও একই পন্থা নিতে পারত। এটা টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের দায়িত্ব। সিএসকেও গুজারত ম্যাচে একই পন্থা নিয়েছে। শিবম দুবে ও ডেওয়াল্ড ব্রেভিস আগে নেমেছে। যার ফলে তারা ম্যাচও জিতে নিয়েছে।”
রাহানে আইপিএল ২০২৫-এর তিনটি ম্যাচে ৩৯০ রান করেছেন। তিনিই দলের হয়ে সর্বোচ্চ রান স্কোরার। রবিবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রাহানে নিজের ওপেনিং না করার বিষয়ে জানিয়েছিলেন। ওপেনার হিসাবে গত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলে সর্বাধিক রান করেছিলেন তিনি। আট ইনিংসে করেছিলেন ৪৬৯ রান। স্ট্রাইকরেট ছিল ১৬৪।
রাহানে বলেছেন, “হ্যাঁ, আমি ওপেন করতে ভালবাসি। ওপেনার হিসাবে আমি মুস্তাক আলি ও অন্য টুর্নামেন্টে সাফল্য পেয়েছি। কিন্তু এখানে বিষয়টি হল, দল কী চাইছে।” এই মুম্বইকরের মতে কুইন্টন ডি কক ও রহমতুল্লাহ গুরবাজকে ওপেনার হিসাবেই নেওয়া হয়েছিল। পাশাপাশি গত আইপিএল মরশুমে ওপেনিংয়ে নেমে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন সুনীল নারাইন। রাহানে বলেছেন অঙ্গকৃষ রঘুবংশীকে নিয়ে তিনি মিডল অর্ডারে ভূমিকা রাখতে চেয়েছিলেন। কেকেআর অধিনায়ক বলেন, “আমরা কম্বিনেশন চেঞ্জ করতে চাইনি।”
অজিঙ্কা রাহানে জানিয়েছেন, তিন-চারটি ম্যাচের ফলাফল তাঁদের পক্ষে যেতে পারত। পাঞ্জাব, লখনউ ও চেন্নাই ম্যাচ তাঁদের জেতা উচিত ছিল। আর সেটা হলেই চেহারা অন্যরকম হত। নাইট অধিনায়ক বলেছেন, “আমাদের প্রত্যেকই নিজেদের সেরাটা দিতে চেয়েছে। তবে আমরা ধারাবাহিকতা দেখাতে পারিনি। একটা দল হিসাবে অবশ্য আমরা দুরন্ত ছিলাম। তবে কেকেআর গতবারের চ্যাম্পিয়ন হওয়ায় এবার প্রত্যাশা বেশি ছিল। কিন্তু আমরা সেরাটাই দিয়েছি। কথা দিচ্ছি আগামী মরশুমে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”