পুরো ম্যাচে আনসেলোত্তির ছাত্ররা এমন কোনও সুযোগ তৈরি করতে পারেননি, যা থেকে গোল হতে পারে। এমনকি ইকুয়েডর যদি ফিনিশিংয়ে দুর্বলতা না দেখাত, তবে গোল শূন্য ড্র হওয়ার পরিবর্তে এই ম্যাচে হারতেও পারত ব্রাজিল।

ইকুয়েডর বনাম ব্রাজিল
শেষ আপডেট: 6 June 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: কোচ বদলেও ফল মিলল না। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সেই ব্যর্থতার সরণিতেই। রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে এসেছেন কার্লো আনসেলোত্তি (Carlo Ancelotti)। কিন্তু দলের রোগ সারানো তো দূরের কথা, নির্ণয়ই করতে পারেননি।
ব্রাজিল দলের কোচ হিসাবে গতকাল রাতেই অভিষেক হয়েছে বর্ষীয়াণ কোচ আনসেলোত্তির। কিন্তু অভিষেক লগ্ন মোটেই সুখকর হল না তাঁর কাছে। ২০২৬ বিশ্বকাপের (2026 World Cup Football) কনমেবল অঞ্চলের যোগ্যতাঅর্জন পর্বের (Conmebol World Cup qualifying Match) ম্যাচে ইকুয়েডরের কাছে ০-০ গোলে আটকে গেল ব্রাজিল (Ecuador vs Brazil)।
কোচ হয়ে এসেই ব্রাজিলকে বদলে দেবেন এই বিদগ্ধ কোচ, এমন আশা সাম্বার দেশের অতি বড় সমর্থকও করেননি। তবে একটা প্রত্যাশা তো ছিলই। কিন্তু সেলেওকাওরা সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।
পুরো ম্যাচে আনসেলোত্তির ছাত্ররা এমন কোনও সুযোগ তৈরি করতে পারেননি, যা থেকে গোল হতে পারে। এমনকি ইকুয়েডর যদি ফিনিশিংয়ে দুর্বলতা না দেখাত, তবে গোল শূন্য ড্র হওয়ার পরিবর্তে এই ম্যাচে হারতেও পারত ব্রাজিল। যে রিচার্লিসন, ক্যাসিমেরো, রাফিনহারা ক্লাব ফুটবলে মাঠে ফুল ফোটান, তাঁদের এই ম্যাচে খুবই নিষ্প্রভ দেখাল।
ইকুয়েডরের বিপক্ষে পয়েন্ট নষ্ট করার পর দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল। যোগ্যতাঅর্জন পর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে ১১ জুন।