কোনও সন্দেহ নেই, বছর পঁচিশের নবাগত অধিনায়ক অভিষেক টেস্টের আগে অন্তত মতামত পেশ ও ব্যক্তিত্ব দিয়ে সকলের নজর কেড়েছেন। ধীর, স্থির, অচঞ্চল তিনি। জানেন কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হয়।

শুভমান গিল
শেষ আপডেট: 6 June 2025 12:21
দ্য ওয়াল ব্যুরো: গতকাল ভরসন্ধেবেলা ওয়াংখেড়ে স্টেডিয়ামের (wankhede stadium) প্রধান দরজার বাইরে হর্ন মারল কালোরঙা জমকালো গাড়ি। দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা শশব্যস্ত হয়ে পড়লেন। দ্রুত ফটক খুলে গেল। ঝাঁ-চকচকে গাড়ির দরজা খুলে রাজকীয় কায়দায় যিনি নামলেন, তিনিই ভারতীয় টেস্ট দলের নতুন সর্বাধিকনায়ক… শুভমান গিল (shubhman gill)।
ধীর পায়ে কনফারেন্স হলের দিকে এগিয়ে গেলেন। তারপর নির্দিষ্ট চেয়ারে বসে সাংবাদিকদের একের পর এক চাঁচাছোলা প্রশ্নের জবাব যে কায়দায় দিলেন, ব্যাট হাতে সেভাবে পারফর্ম করলে লিডস টেস্ট (leeds test) নিয়ে স্বপ্ন দেখতেই পারেন দেশের তামাম ক্রিকেট অনুরাগী। বিতর্কিত সওয়াল এড়ালেন। গতে বাঁধা প্রশ্ন স্ট্রেট ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠালেন। সাংবাদিকদের ফাঁদে ফেলার কৌশলের উত্তরে বিচক্ষণের মতো ডিফেন্স করলেন।
কোনও সন্দেহ নেই, বছর পঁচিশের নবাগত অধিনায়ক অভিষেক টেস্টের আগে অন্তত মতামত পেশ ও ব্যক্তিত্ব দিয়ে সকলের নজর কেড়েছেন। ধীর, স্থির, অচঞ্চল তিনি। জানেন কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হয়। তাই সবুর করার আগেই যখন প্রশ্ন ভেসে এল: বিরাট ও রোহিতের অনুপস্থিতির অভাব কতটা অনুভব করবেন? তার জবাবে বিন্দুমাত্র না ঘাবড়ে শুভমান বললেন, ‘এটা ঠিক যে আমরা দুজন অভিজ্ঞ খেলোয়াড়কে পাব না, যাঁরা দেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন। কিন্তু দলের ঠিকঠাক ব্যাটিং ও বোলিং কম্বিনেশন রয়েছে। তাই ইংল্যান্ডকে ভাল টক্কর দেব বলেই আমার বিশ্বাস।‘
আর তিনি নিজে? খেলেছেন মাত্র ৩২ ম্যাচ, ৫৯ ইনিংস। ‘অভিজ্ঞ’ কোন অর্থেই বলা যায় না। জাতীয় দলে হয় ওপেন করেছেন, নয়তো তিন নম্বরে নেমেছেন। যদিও অনেকের মতে, বিরাট কোহলির ছেড়ে যাওয়া চার নম্বর পজিশনই নাকি শুভমানের জন্য আদর্শ।
এই নিয়ে অবশ্য এখনই মুখ খুলতে নারাজ টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক। বলেছেন, ‘আমি আমার জায়গা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। সময় রয়েছে। মূল দল ইন্ডিয়া এ-র বিরুদ্ধে মাঠে নামবে। তারপর লন্ডনে ১০ দিনের ক্যাম্প।‘
বিরাট, রোহিত, কে এল রাহুল, অজিঙ্কা রাহানের মতো বিভিন্ন ধাঁচের অধিনায়কের ছত্রচ্ছায়ায় খেলেছেন। গভীরভাবে তাঁদের নেতৃত্বের ধরন পর্যবেক্ষণ করেছেন। কেউ বেশি আগ্রাসী, কেউ কম। কেউ শান্ত, সতীর্থদের সঙ্গে নিয়ত যোগাযোগ চালিয়ে যান। তিনি নিজে কোন ধাঁচের অধিনায়ক?
শুভমানের জবাব, ‘আমি সবার সঙ্গে কথোপকথনে বিশ্বাসী। যাতে তাঁরা নিরাপদ বোধ করেন। তখনই খেলোয়াড়রা একশো শতাংশ দিয়ে নিজেদের মেলে ধরতে পারবেন।‘
লিডস টেস্টে কতটা মেলে ধরবেন শুভমান, কতটা মেলে ধরবে টিম ইন্ডিয়া? জবাব মিলবে ২০ জুন থেকে।