চেতেশ্বর পূজারাও (Cheteshwar Pujara) শুভমানকে সাবধান থাকারই পরামর্শ দিয়েছেন। স্মরণ করিয়ে দিয়েছেন সাদা বলের ক্রিকেটের সঙ্গে লাল বলের ক্রিকেটের ফারাক।

পূজারা ও শুভমান
শেষ আপডেট: 26 May 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: অধিনায়ক হিসেবে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন শুভমান (Shubhman Gill)?
অধিনায়কের কুর্সিতে বসেই প্রথম অ্যাসিড টেস্ট বিদেশের মাটিতে। প্রতিপক্ষ ইংল্যান্ড (England Series)। যাদের ঘরের মাঠে ভারতীয় দল ঐতিহাসিকভাবে ব্যর্থ! একেই তরুণ দল। তার উপর অধিনায়কও অনভিজ্ঞ! উপরন্তু দেশে সফল হলেও বিদেশ সফরে ধারাবাহিকভাবে রান পাননি। সব মিলিয়ে শুভমানের যোগ্যতা নিয়ে বিশেষজ্ঞদের অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
সতর্ক করেছেন গাভাসকার (Sunil Gavaskar)। জানিয়েছেন, অধিনায়ক ও দলের সাধারণ সদস্যের মধ্যে ফারাক কোথায় আর কতখানি! নেতৃত্বের রাশ হাতে এলে মূল্যায়নের প্যারামিটার কীভাবে বদলে যায়, পালটে যায় সতীর্থদের সঙ্গে আচরণের ধরন—সবই রাখাঢাক না করে সাফ সাফ বাতলেছেন সুনীল।
একই সুরে চেতেশ্বর পূজারাও (Cheteshwar Pujara) শুভমানকে সাবধান থাকারই পরামর্শ দিয়েছেন। স্মরণ করিয়ে দিয়েছেন সাদা বলের ক্রিকেটের সঙ্গে লাল বলের ক্রিকেটের ফারাক। কীভাবে নিতে হবে প্রস্তুতি—তারও ছক কষে দিয়েছেন। পূজারার মতে, ‘ইংল্যান্ড গিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করলেই শুভমান বুঝতে পারবে বল নতুন থাকতে কোন কোন শট খেলা উচিত, কোন কোন শট একেবারেই খেলা উচিত নয়। বল সিম করবে, সুইং করবে। আমি তো বলব, ইংল্যান্ডের পরিস্থিতি অস্ট্রেলিয়ার মতো। যেখানে প্রথম পঁচিশ-তিরিশ ওভার বল সমস্যায় ফেলে, তারপর কিছুটা থিতিয়ে যায়।‘
এই সময় রণকৌশল কেমন হওয়া জরুরি? পূজারার বক্তব্য, ‘একবার বল পুরনো হয়ে গেলে ব্যাটসম্যানরা বেশ কিছু শট খেলতে পারে। কিন্তু যদি ও (শুভমান) পরে নামে, দল গোড়াতেই এক-দুই উইকেট হারিয়ে ফেলে, সেক্ষেত্রে নিজের খেলার ধরন কিছুটা বদলাতে হতে পারে। শুভমান সেটা করার ক্ষমতা রাখে। একবার ইংল্যান্ডে গেলেই ও বুঝে যাবে ঠিক কী করা উচিত।‘