ম্যাচের ১২০ মিনিটে দুই দল বেশ সতর্ক ফুটবল খেলে। মাঝমাঠে আসল লড়াই, সুযোগ এসেছে দু’তরফেই, কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের মুখ খুলতে পারেনি কেউ-ই।

বিজয়ী সার্ভিসেস
শেষ আপডেট: 4 February 2026 12:50
দ্য ওয়াল ব্যুরো: শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেল। চলতি সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে সার্ভিসেসের (Services) কাছে টাইব্রেকারে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলা (West Bengal)। অসমের ধাকুয়াখানা ফুটবল স্টেডিয়ামে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে ২–৩ ব্যবধানে ম্যাচ জিতে নেয় সার্ভিসেস।
ম্যাচের ১২০ মিনিটে দুই দল বেশ সতর্ক ফুটবল খেলে। মাঝমাঠে আসল লড়াই, সুযোগ এসেছে দু’তরফেই, কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের মুখ খুলতে পারেনি কেউ-ই। শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে ঠান্ডা মাথায় কাজ সেরে ফেলে সার্ভিসেস। যার জেরে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল—৩৩ বারের চ্যাম্পিয়ন বাংলা—এবারের মতো বিদায় নিল শেষ আট থেকে।
একই দিনে অন্য কোয়ার্টার ফাইনালগুলোতে নাটক ও দাপট—দুটোই দেখা গেল। কেরালা (Kerala) এবারের টুর্নামেন্টের আয়োজক অসমকে (Assam) ৩–০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। কেরালার হয়ে গোল করেন মনোজ এম (Manoj M), মহম্মদ আজসাল (Muhammed Ajsal) ও আবুবকর দিলশাদ (Aboobacker Dilshad)। ম্যাচের শুরু থেকে কেরালার নিয়ন্ত্রণ ছিল স্পষ্ট।
অন্যদিকে পাঞ্জাব (Punjab) ও তামিলনাড়ু (Tamil Nadu) ম্যাচে চরমে ওঠে উত্তেজনা। অতিরিক্ত সময় শেষে ১–১ থাকার পর টাইব্রেকারে পাঞ্জাব জিতে নেয় ৪–১ স্কোরলাইনে। নির্ধারিত সময়ে দলকে এগিয়ে দেন জাতিন্দর সিং রানা (Jatinder Singh Rana), শেষ লগ্নে সমতা ফেরান এম উমাশঙ্কর (M Umashankar)।
রাজস্থানকে (Rajasthan) ২–০ স্কোরলাইনে হারিয়ে তিনবারের চ্যাম্পিয়ন দল রেলওয়েজ (Railways) তুলনায় সহজেই শেষ চার নিশ্চিত করেছে। লড়াইয়ের শেষ দিকে গোল করেন সৌরভ ভানওয়ালা (Saurabh Bhanwala) ও জনসন জোসেফ ম্যাথিউজ (Johnson Joseph Mathews)।
সব মিলিয়ে চলতি সন্তোষ ট্রফির সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত। ৫ ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনালে শিলাপাথর ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হবে সার্ভিসেস (Services) ও রেলওয়েজ (Railways)। অন্য সেমিফাইনালে ধাকুয়াখানায় খেলবে কেরালা (Kerala) ও পাঞ্জাব (Punjab)। দু’টি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে, সরাসরি সম্প্রচার ফিফা প্লাসে (FIFA+)।