কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরতে এদিন শুরু থেকেই আক্রমণের স্টিম রোলার চালায় মেরিনার্স।

মোহনবাগান
শেষ আপডেট: 24 August 2025 19:45
দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টেবঙ্গলের কাছে হারের পর মুষড়ে পড়েছিল বাগান জনতা। এরপর কলকাতা লিগের ম্যাচেও সুরুচি সংঘের বিরুদ্ধে জয় না আসায় মোহনবাগান সমর্থকদের হতাশা আরও বেড়েছিল। অবশেষে রবিবার তাঁদের মুখে হাসি ফুটল। এদিন কলকাতা লিগের ম্যাচে (CFL) শিবম মুণ্ডার হ্যাটট্রিকে বিএসএসকে ৫-২ গোলে হারিয়েছে মোহনবাগান (Mohunbagan vs BSS)।
রবিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে বেহালা এসএসকে গোলের মালা পড়িয়েছে ডেগি কার্ডোজার ছেলেরা। কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরতে এদিন শুরু থেকেই আক্রমণের স্টিম রোলার চালায় মেরিনার্স। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় গোষ্ঠ পাল সরণির ক্লাব। ২৯ মিনিটে সবুজ-মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন শিবম। ৪১ মিনিটে দ্বিতীয় গোলটি করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তাঁর নেওয়া কর্নার সরাসরি জালে জড়িয়ে যায়। কলকাতা লিগে এরকম অবিশ্বাস্য গোল করতেন সুরজিৎ সেনগুপ্ত।
তবে দ্বিতীয়ার্ধে প্রত্যাঘাত শুরু করে বিএসএস। ৪৯ মিনিটে রোমিন গোলদার ও ঠিক তার পরের মিনিটেই তুহিনের গোলে সমতায় ফেরে বেহালা এসএস। তবে ৫৪ মিনিটে ফের গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দিয়ে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন শিবম। এরপর অবশ্য আরও দু’টি গোল করে মোহনবাগান। ৬৩ মিনিটে ব্যবধান ৪-২ করেন আদিত্য অধিকারী। ৮৯ মিনিটে বেহালার কফিনে শেষ পেরেকটি পুঁতে দলকে ৫-২ গোলে জয় এনে দেন করণ রাই।