২০২২ বিশ্বকাপের আগে লুই ভিতোঁর সেই ভাইরাল বিজ্ঞাপনে রোনাল্ডো ও মেসিকে দাবার ছকের সামনে নিমগ্ন মেজাজে দেখা গিয়েছিল। পোস্টে ৩ কোটিরও বেশি লাইক পড়ে, তাও মাত্র ২৪ ঘণ্টায়।

রোনাল্ডো ও মেসি
শেষ আপডেট: 2 April 2026 21:03
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগে লুই ভিতোঁর বিজ্ঞাপনে দাবার বোর্ডে মুখোমুখি দুজন। সেই ছবি ইনস্টাগ্রামে কোটি কোটি লাইক কুড়িয়েছিল। এবার ২০২৬ বিশ্বকাপের আবহে ফের একসঙ্গে বিজ্ঞাপনের ময়দানে মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসি (Lionel Messi)। তবে এবার দাবা নয়, তাঁদের দেখা যাচ্ছে লেগো (LEGO) ব্লকের দুনিয়ায়।
লেগোর নতুন সংগ্রহে চার সুপারস্টার
বিশ্বকাপকে মাথায় রেখে লেগো এবার ফুটবলের সঙ্গে হাত মেলাল। রোনাল্ডো ও মেসির পাশাপাশি ফ্রান্সের কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ও ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রও (Vinicius Junior) রয়েছেন এই কালেকশনে। চারজনকে মিনিফিগারে রূপান্তরিত করা হয়েছে। প্রতিটি সেট বানানো ইংরেজি অক্ষরের আদলে—রং নেওয়া হয়েছে খেলোয়াড়দের জাতীয় দলের জার্সি মেনে। জার্সি নম্বর ও সংগ্রহযোগ্য ফলক রয়েছে প্রতিটিতে। 'ফুটবল হাইলাইটস' থেকে শুরু করে 'ফুটবল লেজেন্ডস' পর্যন্ত বিভিন্ন সেট উপলব্ধ। যার প্রতিটি টুকরোয় ভক্তদের জন্য লুকিয়ে একরাশ চমক। এই বিজ্ঞাপন নিয়ে রীতিমতো উত্তেজিত রোনাল্ডো। বললেন, ‘প্রতিদিন লেগো সেটে পরিণত হওয়ার সুযোগ আসে না!’
দাবার পর এবার লেগো
২০২২ বিশ্বকাপের আগে লুই ভিতোঁর সেই ভাইরাল বিজ্ঞাপনে রোনাল্ডো ও মেসিকে দাবার ছকের সামনে নিমগ্ন মেজাজে দেখা গিয়েছিল। পোস্টে ৩ কোটিরও বেশি লাইক পড়ে, তাও মাত্র ২৪ ঘণ্টায়। যা ইনস্টাগ্রামের ইতিহাসে অন্যতম রেকর্ড। এবার মঞ্চ বদলে লেগো। ফের বাণিজ্যিক বিজ্ঞাপনে দুজন একসঙ্গে। বিশ্বকাপ শুরুর ৭৩ দিন আগেও যা উত্তাপ অনেকটা বাড়িয়ে দিয়েছে৷
We have got a NEW Lionel Messi and Cristiano Ronaldo advert...👏👀
This LEGO advert features Kylian Mbappe and Vini Jr too for the upcoming World Cup. pic.twitter.com/slFYj87KVA— george (@StokeyyG2) April 2, 2026
বিশ্বকাপে কোয়ার্টারে কি ফের মুখোমুখি?
মাঠের ছবিটাও অবশ্য একই রকম আকর্ষণীয়। মেসির আর্জেন্তিনা গ্রুপ জে-তে—আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে। রোনাল্ডোর পর্তুগাল গ্রুপ কে-তে—বাকি ৩ দল: কলম্বিয়া, জামাইকা ও উজবেকিস্তান। দুই দলই গ্রুপ থেকে উঠলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে রোনাল্ডো বনাম মেসি—এই ভাবনাতেই অগণিত ফুটবলভক্ত উত্তেজনায় অধীর।
উল্লেখ্য, লিওনেল মেসি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আমেরিকায় শিরোপারক্ষার লড়াইয়ে নামবেন। রোনাল্ডোর স্বপ্ন এখনও অধরা—একটিও বিশ্বকাপ জেতেননি পর্তুগিজ তারকা। লেগোর দুনিয়ায় দুজন হয়তো একসঙ্গে, কিন্তু ময়দানে কড়া টক্কর। যার আঁচ মিলবে নকআউটে মুখোমুখি হলে।