পর্তুগালের প্রথম ম্যাচ ১৭ তারিখ, হিউস্টনে। হাতে সময় যথেষ্ট। ফলে পর্তুগিজ তারকার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় কার্যত নেই।

রোনাল্ডো
শেষ আপডেট: 24 March 2026 11:21
দ্য ওয়াল ব্যুরো: বয়স একচল্লিশ। তবু থামার নাম নেই। ছ’নম্বর বিশ্বকাপ খেলার স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কিন্তু মাঝপথে বাধ সাধল চোট। ফেব্রুয়ারির শেষে আল নাসেরের (Al Nassr) হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়লেন। উদ্বেগ ছড়াল দুনিয়াজুড়ে—বিশ্বকাপের আগে কি সেরে উঠবেন? গুঞ্জন মুছে এবার জবাব দিলেন রোনাল্ডো নিজেই।
মাঠে ফিরলেন, পোস্ট করলেন ছবিও
গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন পর্তুগালের (Portugal) অধিনায়ক। অনুশীলনে ফিরেছেন, রিকভারি চলছে পুরোদমে। সেই ইতিবাচক ছবি এখন অনুরাগীদের স্বস্তির কারণ। আঘাত যে বড় কিছু নয়, বুঝিয়ে দিলেন নিজেই।
মার্চের প্রীতি ম্যাচে রোনাল্ডোকে স্কোয়াডে রাখেননি কোচ রবার্তো মার্টিনেজ (Roberto Martinez)। মেক্সিকো (Mexico) ও আমেরিকার (United States) বিপক্ষে পরপর লড়াই—২৮ মার্চ অ্যাজটেকা স্টেডিয়ামে, পরেরটা ৩১ মার্চ আটলান্টায়। মার্টিনেজ স্পষ্টভাষায় জানিয়েছেন, এটা সতর্কমূলক সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদি ক্ষতি এড়াতেই বিশ্রাম। আরেক তারকা, অভিজ্ঞ মুখ বার্নার্দো সিলভাও (Bernardo Silva) নেই এই দলে। লক্ষ্য একটাই—বিশ্বকাপের আগে সবাইকে পুরোপুরি চাঙ্গা রাখা।
Getting better every day 💪🏽 pic.twitter.com/6z0WCE8yMg
— Cristiano Ronaldo (@Cristiano) March 23, 2026
জুনের আগেই ফিরবেন?
জানা যাচ্ছে, রোনাল্ডোর সেরে উঠতে আরও কয়েক সপ্তাহ লাগবে। বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু জুনে। পর্তুগালের প্রথম ম্যাচ ১৭ তারিখ, হিউস্টনে। হাতে সময় যথেষ্ট। ফলে পর্তুগিজ তারকার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় কার্যত নেই। একচল্লিশ বছর বয়সে ষষ্ঠ বিশ্বকাপ—সামনে ইতিহাস লেখার সুযোগ। কেরিয়ারে প্রায় সমস্ত ট্রফি হাতে এসেছে। একটাই বাকি—বিশ্বকাপ। সেই স্বপ্নই তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে রোনাল্ডোকে। প্রতিপক্ষরা রুখতে পারেনি। চোট? সেও পারবে বলে মনে হচ্ছে না।