ইউরোপ ও আমেরিকার একাধিক দলের তরফে প্রস্তাব থাকলেও, বিশ্বকাপ প্রস্তুতির কথা ভেবে আপাতত বড় কোনও পদক্ষেপ করছেন না রোনাল্ডো।

রোনাল্ডো
শেষ আপডেট: 5 February 2026 11:34
দ্য ওয়াল ব্যুরো: অস্বস্তি আর ক্ষোভ—দুইয়ের চাপে রীতিমতো ফুঁসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। রিপোর্ট বলছে, সৌদি প্রো লিগে (Saudi Pro League) আরও একটি ম্যাচ বয়কট করতে পারেন তিনি। ক্লাব ও বিনিয়োগকারীদের সঙ্গে টানাপড়েন চরমে পৌঁছনোর পর, আল নাসের (Al Nassr) ছাড়ার সম্ভাবনাও আর নিছক গুজবের স্তরে নেই।
কেন এই বয়কট?
ইএসপিএন সূত্রে খবর, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (Saudi Arabia Public Investment Fund) ভূমিকা নিয়েই মূল অসন্তোষ। অভিযোগ, আল নাসরের খেলোয়াড় নেওয়া ও দল গঠনে প্রয়োজনীয় বিনিয়োগে গাফিলতি হয়েছে। তার জেরে আগের ম্যাচে আল রিয়াধের বিরুদ্ধে জয়ের সময়ও মাঠে নামেননি রোনাল্ডো। একই পথে আরও একবার হাঁটার ইঙ্গিত পর্তুগিজ তারকার।
শিরোপা-রাজনীতির ক্ষোভ
আরও এক বড় রাগের জায়গা—প্রতিদ্বন্দ্বী আল হিলালকে (Al Hilal) ‘বাড়তি সুবিধা’ দেওয়ার অভিযোগ। ফরাসি তারকা করিম বেঞ্জিমার (Karim Benzema) সম্ভাব্য দলবদল নিয়ে নাকি আপত্তি তুলেছিলেন রোনাল্ডো। তাঁর বিশ্বাস, এই সমস্ত সিদ্ধান্তে শিরোপা দৌড়ে আল হিলালকে এগিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। একই সময়ে আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ও সিইও-কে সাময়িক বরখাস্ত করা এবং খরচ ছাঁটাই—সব মিলিয়ে ক্ষোভ জমেছে ধীরে ধীরে।
বিদায় কি আসন্ন?
বর্তমান চুক্তি ২০২৭ পর্যন্ত হলেও, সূত্র বলছে জুনের মধ্যেই ক্লাব ছাড়তে পারেন। ইউরোপ ও আমেরিকার একাধিক দলের তরফে প্রস্তাব থাকলেও, বিশ্বকাপ প্রস্তুতির কথা ভেবে আপাতত বড় কোনও পদক্ষেপ করছেন না রোনাল্ডো। পাল্টা আশ্বাস হিসেবে, গ্রীষ্মে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে আল নাসর ও পিআইএফ। কিন্তু সেই প্রতিশ্রুতি কতটা কাজে ফলবে, সেটাই এখন গুরুতর প্রশ্ন।