দুই মহারথীর এই ‘রেকর্ড ডে’-তে ফের জেগে উঠল পুরনো প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। একদিকে মেসির অ্যাসিস্টের রাজত্ব, অন্যদিকে রোনাল্ডোর গোলের সাম্রাজ্য। দুই ভুবন, দুই মঞ্চ, কিন্তু একই দিনে তাঁদের নামটুকুই বিশ্বফুটবলের শিরোনামে।

রোনাল্ডো ও মেসি
শেষ আপডেট: 15 October 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: দুজনেই কেরিয়ারের উপান্তে। বড় লক্ষ্য বলতে একটাই: ছাব্বিশের বিশ্বকাপে নামা এবং খেতাব হাতে তোলা। তার আগে একাধিপত্যে নিজেদের নাম পাকাপাকিভাবে খোদাই করার কাজটা সেরে ফেলতে এতটুকু খামতি রাখছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসি (Lionel Messi)। গতকাল দুজনেই দুই গোলার্ধে নিজেদের দেশের জার্সিতে নামলেন। কারও দল আটকে গেল, কেউ হাসিল করলেন সহজ জয়। তবু ব্যক্তিগত পারফরম্যান্স একশোয় একশো! এক জন অ্যাসিস্টের রাজা, অন্যজন গোলের সম্রাট। আর দু’জনেরই নামের পাশে জুড়ল আরও একটা ‘বিশ্বরেকর্ডে’র ট্যাগ।
আর্জেন্তিনার (Argentina) জার্সিতে পুয়ের্তো রিকোর (Puerto Rico) বিরুদ্ধে ৬–০ ব্যবধানের জয় পেলেন মেসি। আলোচনার কেন্দ্রে শুধুমাত্র তিনি। ৩৭ বছর বয়সেও খেলার ছন্দে সেই ট্রেডমার্ক ক্যারিশমা। এবার যদিও গোল নয়, জাদু ঠিকরে এল দু’খানা গোলের পাসে! যার সুবাদে গড়লেন আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক অ্যাসিস্টের (Most Assists In International Football) বিশ্বরেকর্ড। ছুঁয়ে ফেললেন ৬০-এর কোঠা, টপকে গেলেন প্রাক্তন সতীর্থ নেইমার জুনিয়রকে (Neymar Jr.)। ব্রাজিলের স্ট্রাইকার আপাতত থমকে ৫৯ অ্যাসিস্টে। মেসি আরও এক ধাপ উপরে। এখন অ্যাসিস্টের তালিকা বলছে:
১। লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ৬০
২। নেইমার (ব্রাজিল) — ৫৯
৩। ল্যান্ডন ডোনোভান (মার্কিন যুক্তরাষ্ট্র) — ৫৮
৪। পুসকাস (হাঙ্গেরি) — ৫৩
৫। কেভিন দে ব্রুইনে (বেলজিয়াম) — ৫২
ম্যাচে মেসির লব পাস থেকে গোল করেন গঞ্জালো মনতিয়েল (Gonzalo Montiel)। এরপর দারুণ ব্যাক-পাস থেকে লওতারো মার্তিনেসের (Lautaro Martínez) দ্বিতীয় গোলেও তাঁরই অবদান। প্লেমেকারের ভূমিকায় উজ্জ্বল মেসি মনে করিয়ে দিলেন, বয়স কেবল সংখ্যামাত্র। বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগে এই পারফরম্যান্স গোটা আর্জেন্তিনীয় শিবিরে আত্মবিশ্বাসের ডোজ বাড়িয়ে দিয়েছে।
এদিকে ইউরোপীয় প্রান্তে, হাঙ্গেরির (Hungary) বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে (World Cup Qualifiers) জেল্লা জারি রইল রোনাল্ডোর (Cristiano Ronaldo)। ৪০ বছর ছুঁয়ে লড়াইয়ের খিদে যেন আরও বেড়েছে। মঙ্গলবার রাতে দুটি গোল করে গড়ে ফেললেন আরও এক রেকর্ড—বিশ্বকাপ বাছাইপর্বে সর্বাধিক গোলের মালিক এখন তিনি! প্রথম গোল এল ২২ মিনিটে, দ্বিতীয়টি প্রথমার্ধের ইনজুরি টাইমে। এই দুই গোল মিলিয়ে নামের পাশে এই মুহূর্তে ৫০ ম্যাচে ৪১ গোল! ভেঙে দিলেন কার্লোস রুইজের (Carlos Ruiz) নজির। ম্যাচটা অবশ্য অমীমাংসিত (২–২) শেষ হল, কিন্তু রোনাল্ডোর ব্যক্তিগত ঔজ্জ্বল্য ঢাকতে পারেনি সেই ফলাফল।
এতেই শেষ নয়। রোনাল্ডোর নামে এখন আরও কয়েকটি অবিশ্বাস্য আন্তর্জাতিক রেকর্ড:
১. সর্বাধিক আন্তর্জাতিক গোল — ১৪৩
২. সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ (Men’s Football) — ২১৫+
৩. ইউরো কাপের ইতিহাসে সর্বাধিক গোল — ১৪
রোনাল্ডোর ভাষায়, ‘লক্ষ্য আরও কাছে এল! এগিয়ে চলো, পর্তুগাল!” ম্যাচ শেষে সেই বার্তা ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে। আর এতকিছুর মধ্যে দুই মহারথীর এই ‘রেকর্ড ডে’-তে ফের জেগে উঠল পুরনো প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। একদিকে মেসির অ্যাসিস্টের রাজত্ব, অন্যদিকে রোনাল্ডোর গোলের সাম্রাজ্য। দুই ভুবন, দুই মঞ্চ, কিন্তু একই দিনে তাঁদের নামটুকুই বিশ্বফুটবলের শিরোনামে।