প্রথম রাউন্ডের ম্যাচ হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর। শেষ লিগ ম্যাচ ২৮ জানুয়ারি। আর ফাইনাল? আগামী ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।

চ্যাম্পিয়নস লিগ
শেষ আপডেট: 29 August 2025 10:29
দ্য ওয়াল ব্যুরো: ইউরোপের এলিট ফুটবল প্রতিযোগিতা শুরু হতেই উত্তেজনার পারদ আকাশছোঁয়া। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) লিগ-পর্বের ড্র মেলে ধরল একাধিক হেভিওয়েট সংঘর্ষ, নিশ্চিত হল টানটান দ্বৈরথের সম্ভাবনা। একদিকে যেমন লিভারপুল (Liverpool) ও ম্যানচেস্টার সিটি (Manchester City)—ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ক্লাবকে খেলতে হবে রিয়াল মাদ্রিদের (Real Madrid) বিরুদ্ধে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জারমাঁ (Paris Saint-Germain) পড়ল এমন এক ড্রয়ে, যেখানে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো শক্তিশালী দল অপেক্ষা করছে।
কালকের বাছাই বেশ কিছু হেডলাইন প্রত্যাবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে। রিয়ালের কোচ জাবি আলোনসো ফিরবেন অ্যানফিল্ডে। এবার লিভারপুলের মাঝমাঠে নয়, জয়স্টিক হাতে দাঁড়াবেন মাদ্রিদের ডাগ আউটে। প্রতিপক্ষ পুরনো ক্লাব। যেখান থেকে তাঁর খেলোয়াড়ি উত্থানের শুরু। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের জন্যও এই ম্যাচ অদ্ভুত রিইউনিয়ন! কয়েক মাস আগেই লিভারপুল ছেড়ে গিয়েছেন মাদ্রিদে। লিভারপুল কোচ আর্নে স্লটের বিশ্লেষণ স্পষ্ট। বললেন, ‘গত মরশুমের মতো এবারও কঠিন ড্র। তবে আমরা জানতাম এমনটাই হবে। রিয়ালের বিরুদ্ধে অ্যানফিল্ডে খেলতে নামা স্পেশ্যাল। দুনিয়ার নজর থাকবে এই ম্যাচে!’
রিয়াল ছাড়াও লিভারপুলকে খেলতে হবে আতলেতিকো মাদ্রিদ, পিএসভি আইন্দহোভেন, আজারবাইজানের কারাবাগের বিরুদ্ধে ঘরের মাঠে। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্সেই ও গালাতাসারাই।
ম্যান সিটির জন্যও অপেক্ষা করছে ভরপুর চ্যালেঞ্জ। ড্রয়ে তারা পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুজেন, ইতালির চ্যাম্পিয়ন নাপোলি ও গালাতাসারাইকে। এর বাইরেও খেলতে হবে ভিয়ারিয়াল, মোনাকো ও নরওয়ের নতুন মুখ বোডো-গ্লিমটের বিরুদ্ধে। সম্ভবত গ্রুপ পর্বের সবচেয়ে আবেগঘন ম্যাচ খেলতে নামবেন কেভিন ডি ব্রুইন। সদ্য নাপোলিতে সই করেছেন বেলজিয়াম তারকা। গতার আগে একাধিক খেতাব জিতেছেন সিটির জার্সিতে। এক দশকেরও বেশি সময় ধরে যে দলের মিডফিল্ডের ভরসা ছিলেন, তিনি এবার পেপ ব্রিগেডের বিরুদ্ধে সম্মুখ-সমরে!
পিএসজি-র ড্র-ও কম শক্ত নয়। ঘরের মাঠে বায়ার্ন, বাইরে গিয়ে বার্সেলোনা। সেই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দেবে টটেনহ্যাম, নিউক্যাসল, আতালান্তা, স্পোর্টিং লিসবন ও অ্যাথলেটিক বিলবাও। ক্লাব প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি যদিও আত্মবিশ্বাসী। বলেছেন, ‘গত মরশুমের কথা আমরা ভুলে গেছি। আজ আমরা চ্যাম্পিয়ন, তবে সবাই আমাদের হারাতে চাইবে!’
গত মরশুম থেকে চ্যাম্পিয়ন্স লিগে চালু হয়েছে নতুন ফরম্যাট। ৩৬টি দল একসঙ্গে একটি লিগে, আলাদা গ্রুপ নেই। প্রত্যেকে খেলবে আটটি ম্যাচ, আট ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে। শীর্ষ আটটি ক্লাব সরাসরি পৌঁছবে শেষ ষোলোয়। ৯ থেকে ২৪-এ থাকা দল যাবে প্লে-অফে। নিচের ১২টি দল প্রতিযোগিতাকে বিদায় জানাবে।
শুধু সিটি, লিভারপুল কিংবা রিয়াল মাদ্রিদ নয়, বাকি দলগুলিও হাইভোল্টেজ লড়াইয়ের আমেজ ছড়িয়ে দিতে প্রস্তুত। বার্সেলোনা যাবে চেলসি ও নিউক্যাসলের মাঠে। আর্সেনাল, গতবারের সেমিফাইনালিস্ট, এবার ড্র-তে পেয়েছে বায়ার্ন, আতলেতিকো, ইন্টার মিলান ও বিলবাওকে। নতুন চমক কাজাখস্তানের কাইরাত আলমাটি। প্লে-অফে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিককে হারানোর ফলে মূল পর্বের ছাড়পত্র মিলেছে। এখন তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল। সাইপ্রাসের ছোট ক্লাব পাফোস খেলবে চেলসি ও বায়ার্নের বিরুদ্ধে!
প্রথম রাউন্ডের ম্যাচ হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর। শেষ লিগ ম্যাচ ২৮ জানুয়ারি। আর ফাইনাল? আগামী ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় রাত আলো ছড়াবে পুস্তি স্টেডিয়ামে, রাত ৯টার বদলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। এবারের ফাইনালের সময় অনেকটাই এগিয়ে আনা হয়েছে।