ইস্টবেঙ্গল গোল পায় ৭০ মিনিটে। উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুটের গোলে জয় তুলে নিয়ে হাসি মুখে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের মহিলা দল
শেষ আপডেট: 25 August 2025 19:59
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল পুরুষ দল মানেই গত কয়েক বছর ধরে ধারাবাহিক ব্যর্থতা। ছেলেদের যখন এই হাল, তখন লাল-হলুদ মশাল জ্বালানোর দায়িত্ব নিয়ে নিয়েছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের মহিলা দল। দেশের ফুটবলে সেরা হয়ে এখন মহাদেশীয় স্তরে খেলতে নেমেছ ইস্টবেঙ্গলের মেয়েরা। সেখানেও মশালের আলোয় নিভেছে প্রতিপক্ষ।
আজ থেকে শুরু হল লাল-হলুদ মহিলা দলের এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের (AFC Women’s Champions League) অভিযান। আর প্রথম ম্যাচেই জয় তুলে নিল অ্যান্থনি অ্যান্ড্রুজের ছাত্রীরা। কম্বোডিয়ার নম পেন ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে নম পেন ক্রাউনকে (East Bengal vs Phnom Penh Crown) ১-০ গোলে হারিয়ে দিলেন সঙ্গীতা বাসফোররা।
ইস্টবেঙ্গল এদিন অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্ম হয়ে ওঠেনি। রক্ষণ মজবুত রেখে প্রতিপক্ষকে মেপে নিচ্ছিলেন সঙ্গীতা বাসফোর, শিল্কি দেবী, সুলঞ্জনা রাউলরা। তবে প্রথমার্ধের মাঝামাঝি থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় পদ্মা পাড়ের ক্লাব। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও অবশ্য গোল আসছিল না। ৪২ মিনিটে ইস্টবেঙ্গলের ফাজিলা ইকওয়াপুট গোল করলেও তা বাতিল হয়। ০-০ স্কোরলাইন রেখেই বিরতিতে যায় লাল-হলুদ।
দ্বিতীয়ার্ধেও বিপক্ষের ওপর চাপ বজায় রাখেন সঙ্গীতারা।দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ এসে গিয়েছিল। ডান দিক থেকে ক্রস তুলেছিলেন ফজিলা। কিন্তু বলের কাছে ইস্টবেঙ্গলের কেউ পৌঁছতে পারেনি। এর ঠিক এক মিনিট পরে সুলাঞ্জনা রাউল বক্সের ভেতর শট নিলেও গোল হয়নি।
এরপর ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে নম পেন ক্রাউনও। ইস্টবেঙ্গল বক্সে বেশ কিছু আক্রমণ তুলে আনে তারা। প্রতি আক্রমণে উঠে ৫২ ও ৫৮ মিনিটে দু’টি গোলের সুযোগ নষ্ট করেন অ্যান্থনির ছাত্রীরা। অবশেষে ইস্টবেঙ্গল গোল পায় ৭০ মিনিটে। উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুটের গোলে জয় তুলে নিয়ে হাসি মুখে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।