এদিন মেন ইন ব্লুজের হেডস্যার ১৮ সদস্যের দল ঘোষণা করলেন। এই দলে অনেক খুঁজেও পাওয়া গেল না কোনও বাঙালি ফুটবলারের নাম।

খালিদ জামিল
শেষ আপডেট: 25 August 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ছিল, যখন ভারতীয় ফুটবল দল মানেই একঝাঁক বাঙালি ফুটবলার। গোলরক্ষক থেকে স্ট্রাইকার- সব পজিশনেই বাঙালি। কিন্তু সেই দিন এখন অস্তাগত। গত কয়েক দশক ধরে জাতীয় দলে বাঙালি ফুটবলার খুঁজতে গেলে প্রয়োজন পড়ছে আতস কাচের। টিমটিম করে তাও টিকে ছিলেন শুভাশিস বসু ও প্রীতম কোটাল। শুভাশিসের চোট রয়েছে আর প্রীতম গত এক বছরের বেশি সময় ধরে মেন ইন ব্লুজের টিমে ব্রাত্য। এবার তো পুরোপুরি বাঙালি শূন্য দলই ঘোষণা করলেন জাতীয় দলের সদ্য দায়িত্বপ্রাপ্ত কোচ খালিদ জামিল (Khalid Jamil)।
জাতীয় দলের কোচ হিসাবে খালিদের প্রথম পরীক্ষা কাফা নেশনস কাপে (CAFA Nations Cup)। এর জন্য কয়েকদিন আগে থেকেই বেঙ্গালুরুতে শিবির শুরু করেছিলেন খালিদ জামিল। এদিন মেন ইন ব্লুজের হেডস্যার ১৮ সদস্যের দল (India Squad) ঘোষণা করলেন। এই দলে অনেক খুঁজেও পাওয়া গেল না কোনও বাঙালি ফুটবলারের নাম। প্রাথমিক স্কোয়াডে একমাত্র বাঙালি হিসাবে ছিলেন রহিম আলি ছিলেন। তিনিও বাদ পড়েছেন।
২৯ আগস্ট কাফা নেশনস কাপে প্রথম ম্যাচ খেলবে খালিদের ভারত, প্রতিপক্ষ তাজিকিস্তান। এই টুর্নামেন্ট ফিফা উইন্ডোর অংশ না হওয়ায় মোহনবাগান তাদের ফুটবলারদের ছাড়তে রাজি হয়নি। তাই ১৮ সদস্যের দলে মেরিনার্সের কোনও ফুটবলারের নাম নেই।
👔 Head Coach Khalid Jamil announces his squad for the #CAFANationsCup 2025! 🇮🇳🐯#IndianFootball ⚽️ pic.twitter.com/wv7boyUAFE
— Indian Football Team (@IndianFootball) August 25, 2025
কাফা নেশনস কাপের জন্য ভারতের স্কোয়াড
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, হৃতিক তিওয়ারি।
ডিফেন্ডার: রাহুল ভেকে, নওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিংগান, চিংলেনসানা সিং, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস।
মিডফিল্ডার: নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম, দানিশ ফারুক ভাট, জেকসন সিং, বরিস সিং, আশিক কুরুনিয়ান, উদান্তা সিং, নওরেম মহেশ সিং।
ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং (জুনিয়র), জিতিন এমএস, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিং।