পেনাল্টি থেকে গোল করে কাস্টমসকে এগিয়ে দেন শ্লোক তিওয়ারি। এর চার মিনিট পরই কাস্টমসের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সৌরভ সেন।

ইস্টবেঙ্গল
শেষ আপডেট: 12 July 2025 19:04
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ফুটবল লিগের (CFL) প্রিমিয়ার ডিভিশনে এবার ময়দানের তিন প্রধান ধারাবাহিকতা দেখাতেই পারছে না। একটি ম্যাচ জিতল, তো পরের ম্যাচেই পয়েন্ট নষ্ট। শুক্রবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে পয়েন্ট খুইয়েছিল মোহনবাগান। ০-০ ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল মেরিনার্স। আর এদিন ড্র করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল।
তবে লাল-হলুদ ব্রিগেড শনিবার কিন্তু শনিদেবতার কোপে প্রায় পড়েই গিয়েছিল। একসময় দুই গোলে পিছিয়ে পড়েছিল বিনো জর্জের ছাত্ররা। তবে এটাই স্বস্তি যে পরবর্তীতে দুই গোল করে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে পদ্মা পাড়ের ক্লাব। কাস্টমসের বিরুদ্ধে এদিন ইস্টবেঙ্গল ম্যাচের ফলাফল ২-২।
লিগের শুরুটা অবশ্য দারুণ ভাবেই শুরু করেছিল মশাল বাহিনী। প্রথম ম্যাচেই তারা মেসারার্স ক্লাবকে হারিয়েছিল ৭-১ গোলে। কিন্তু পরের ম্যাচেই সুরুচি সংঘের বিরুদ্ধে ড্র করে ১-১ গোলে।
এদিন কল্যাণীতে লাল-হলুদের প্রতিপক্ষ ছিল কাস্টমস (East Bengal vs Customs)। কিন্তু ম্যাচ দেখে মনে হল না ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে জেতার কোনও তাগিদ ছিল। বরং শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে অফিস ক্লাবটির ফুটবলাররা।
১৮ মিনিটে বক্সের মধ্যে ইস্টবেঙ্গল ডিফেন্ডার চাকু মাণ্ডির ট্যাকেলে সুময় সোম পড়ে গেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগের সদ্ব্যবহার করে পেনাল্টি থেকে গোল করে কাস্টমসকে এগিয়ে দেন শ্লোক তিওয়ারি। এর চার মিনিট পরই কাস্টমসের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সৌরভ সেন। এরপরেও দাপট অব্যহত ছিল কাস্টমস কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের ছাত্রদের। দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লাল-হলুদ। অবশেষে ৬০ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান পরিবর্ত হিসাবে নামা অনন্থু। ডানপ্রান্তিক আক্রমণে জেসন টিকের অনবদ্য সেন্টার থেকে হেডে গোল করে তিনি। ৭১ মিনিটে স্কোরলাইন ২-২ করেন প্রভাত লাকরা।