এদিনও চার হাঁকিয়েই ইনিংস শুরু করেছিল ১৪ বছরের বিহারের কিশোর। কিন্তু নিজের ইনিংসকে টেনে নিয়ে যেতে পারল না বৈভব।

বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 12 July 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো: সিনিয়রদের মতো জুনিয়র ইন্ডিয়া টিমও এখন ইংল্যান্ড সফরে রয়েছে। পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ শেষে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং ভারত অনূর্ধ্ব-১৯ দলের (England U19 vs India U-19) মধ্যে শুরু হয়েছে দুই টেস্টের (Test) সিরিজ।
আজ থেকে (১২ জুলাই) বেকেনহ্যামে প্রথম যুব টেস্ট ম্যাচটি শুরু হয়েছে। তবে ওডিআই সিরিজে ঝড় তুললেও প্রথম টেস্টের শুরুতেই ব্যর্থতার কানাগলিতে প্রবেশ করল ভারতীয় ক্রিকেটের নতুন হার্টথ্রব বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।
এদিনও চার হাঁকিয়েই ইনিংস শুরু করেছিল ১৪ বছরের বিহারের কিশোর। কিন্তু নিজের ইনিংসকে টেনে নিয়ে যেতে পারল না বৈভব।
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মাত্রে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ওপেনিং জুটিতে নামেন মাত্রে এবং বৈভব। ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো প্রথম ওভারটি করেন। মিন্টোর প্রথম বলেই চার মেরে বৈভব সূর্যবংশী ঝড়ের ইঙ্গিত দেয়। পরের দু’টি বলে কোনও রান হয়নি। তারপর নিজের ট্রেড মার্ক স্টাইলে বৈভব চতুর্থ বলে চার হাঁকায়। এর পরে, ওভারের শেষ বলে আবার একটি চার মারে বৈভব। তার দাপটে প্রথম ওভারেই উঠে যায় ১২ রান।
দ্বিতীয় এবং তৃতীয় ওভারে মোট ৫ রান হয়। ভারতের স্কোর দাঁড়ায় ১৭। অ্যালেক্স গ্রিন ইনিংসের চতুর্থ ওভার বল করেন। প্রথম বলে বৈভব সূর্যবংশী কোনও রান করতে পারেননি। পরের বলেই বৈভব ১৪ রানের ব্যক্তিগত স্কোর করে অ্যালবার্টের হাতে ক্যাচ তুলে ফিরে যায় ড্রেসিংরুমে।
তবে মাত্র ১৪ রানে আউট হওয়ার হতাশা প্যাভিলিয়নে ফেরার সময় স্পষ্ট ছিল বৈভবের মুখে। ভারতের এই বিধ্বংসী ব্যাটারকে ফেরাতে পেরে ইংল্যান্ডের ক্রিকেটারদের উৎসাহ তখন ছিল দেখার মতো।
সম্প্রতি সমাপ্ত যুব ওয়ানডে সিরিজে ভারতের অনূর্ধ্ব-১৯ দল ৩-২ ব্যবধানে জিতেছিল। ভারতের হয়ে বৈভব সূর্যবংশী দুর্দান্ত পারফর্ম করে ৫ ম্যাচে করে ৩৫৫ রান। যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি।