গত ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর কেরলের বিরুদ্ধেও হ্যাটট্রিক করেছে বাংলার রাজদীপ পাল।

রাজদীপ পাল
শেষ আপডেট: 25 July 2025 17:22
দ্য ওয়াল ব্যুরো: কেরলকে হারিয়েই এবার সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। এবার দাদাদের পদাঙ্ক অনুসরণ করে দক্ষিণের সেই রাজ্যকেই হারিয়ে অনূর্ধ্ব-১৬ ড. বিসি রায় ট্রফির (BC Roy Trophy) শেষ চারে উঠে গেল বাংলার ছোটরা। এদিন তারা কেরলকে (Bengal vs Kerala) হারিয়েছে ৪-০ গোলে।
ফাল্গুনি দত্তর কোচিংয়ে তামিলনাড়ুকে ২-১ গোলে হারিয়ে এবারের বিসি রায় ট্রফির অভিযান শুরু করেছিল বাংলা। দ্বিতীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও বাংলা মেঘালয়কে হারায় ৪-২ গোলে। আর এবার কেরলকে উড়িয়ে দিয়ে ফাল্গুনীর ছাত্ররা পা রাখল সেমিফাইনালে।
এদিন বলতে গেলে বাংলার ঝড়ে উড়ে গিয়েছে কেরল। গত ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর কেরলের বিরুদ্ধেও হ্যাটট্রিক করেছে বাংলার রাজদীপ পাল। অন্য গোলটি দুর্গেশ তেওয়ারির। প্রথমার্ধে বাংলা এগিয়ে ছিল এক গোলে। এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছল বাংলা।