বুমরাহ ভুল প্রান্ত থেকে বোলিং করছে। বেশিরভাগ উইকেট স্ট্যাথাম এন্ড থেকে পড়েছে। আর বুমরাহকে বল করানো হল অ্যান্ডারসন এন্ড থেকে।

রিকি পন্টিং
শেষ আপডেট: 25 July 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের চুতর্থ ম্যাচের (England vs India Fourth Test) দ্বিতীয় দিন শেষে এটা বলাই যায় যে, ম্যাঞ্চেস্টারে পিছিয়ে রয়েছে ভারত। ইংল্যান্ড ফের বাজবল ক্রিকেটের নমুনা দেখাচ্ছে। তাদের সামনে অসহায় লাগছে ভারতীয় বোলারদের। ইংল্যান্ড ওভারপ্রতি করেছে প্রায় পাঁচ রান।
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওপেনিং জুটিতে ওঠে ১৬৬ রান, তাও আবার মাত্র ৩১.৬ ওভারে। অর্থাৎ ওভার প্রতি রান উঠেছে পাঁচের বেশি। আর এই দেখে ভারত অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) পরিকল্পনার সমালোচনা করেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)।
চোট নিয়েও ঋষভ পন্থের লড়াকু অর্ধশতকে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৮ রানে। কিন্তু এর পর বোলারদের পারফরম্যান্স ম্যাচ থেকে পিছিয়ে দেয় ভারতকে। ইংল্যান্ডের হয়ে দুরন্ত শুরু করেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। দ্বিতীয় দিন শেষে স্কোর বোর্ডে ইংল্যান্ডের রান মাত্র ৪৬ ওভারে দুই উইকেট হারিয়ে ২২৫। ভারতের চেয়ে মাত্র ১৩৩ রান পিছিয়ে বেন স্টোকস ব্রিগেড, হাতে এখনও রয়েছে আটটি উইকেট।
অভিষেককারী অংশুল কাম্বোজকে শুরু থেকেই বোলিং করানোর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। কিন্তু সেই সিদ্ধান্ত পুরোপুরি ব্যুমেরাং হয়ে যায়। গিলের এই সিদ্ধান্ত মোটেও পছন্দ হয়নি অজি কিংবদন্তি পন্টিংয়ের। পাশাপাশি তিনি ভারতের ফিল্ড প্লেসমেন্টেরও সমালোচনা করেছেন।
স্কাই স্পোর্টসে পন্টিং বলেন, “ফিল্ড প্লেসমেন্ট একদমই ভাল ছিল না। বোলিং অনুযায়ী ফিল্ডিং সাজানোর কোনও পরিকল্পনা আমার অন্তত চোখে পড়েনি। উইকেটের উভয় দিকেই রান আটকাতে ব্যর্থ হয়েছে ভারত। আমার মনে হয় ভারতের কৌশলে ভুল ছিল। আমার মনে হয় না কাম্বোজের নতুন বল নেওয়া উচিত ছিল। শুরু থেকেই আমার এটা পছন্দ হয়নি।”
সেই সঙ্গে পন্টিং উল্লেখ করেছেন, কীভাবে গিল ভুল প্রান্ত থেকে জসপ্রীত বুমরাহকে ব্যবহার করেছিলেন। প্রাক্তন এই অজি ক্রিকেটারের মতে, আসলে মৌলিক বিষয়গুলিতেই ভুল করেছিলেন গিল। তিনি বলেন, “বুমরাহ ভুল প্রান্ত থেকে বোলিং করছে। বেশিরভাগ উইকেট স্ট্যাথাম এন্ড থেকে পড়েছে। আর বুমরাহকে বল করানো হল অ্যান্ডারসন এন্ড থেকে। ফলে বুমরাহ কার্যকরী হতে পারল না।”