একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, AIFF-এর কাছে এসে পৌঁছনো অ্যাপ্লেকেশনের তালিকায় জাভির নাম দেখে চমকে যান কর্তারা।

জাভি
শেষ আপডেট: 25 July 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের হেডস্যারের খোঁজে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সেই তালিকায় হঠাৎ চমক। প্রার্থীদের মধ্যে ছিলেন খোদ বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজ (Xavi Hernandez)!
‘ছিলেন’। তার কারণ, বার্সেলোনার প্রাক্তন ম্যানেজারের আবেদন ইতিমধ্যেই নাকচ করেছে ফেডারেশন। আড়ালে টাকার গল্প। জাভির প্রত্যাশামাফিক বেতনের খরচ জোগানো সংস্থার পক্ষে অসম্ভব। তাই আর্জি আসামাত্র বাতিল।
একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, AIFF-এর কাছে এসে পৌঁছনো অ্যাপ্লেকেশনের তালিকায় জাভির নাম দেখে চমকে যান কর্তারা। লিস্টে ছিলেন আরও কয়েকজন পরিচিত মুখ—ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine), লিভারপুলের প্রাক্তন ফুটবলার হ্যারি কিউয়েল (Harry Kewell), খালিদ জামিল (Khalid Jamil) প্রমুখ। জানা গিয়েছে, জাভি নিজের ব্যক্তিগত ইমেল আইডি থেকেই আবেদনপত্র পাঠান। যদিও ফর্মের অন্যান্য জায়গা ভরাট থাকলেও ফোন নম্বরের বক্স ফাঁকা ছিল।
AIFF-এর জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল ঘটনার সত্যতা স্বীকার করে সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক যে, জাভি হার্নান্দেজ আবেদন পাঠান। তাঁর অ্যপ্লিকেশন ইমেলের মাধ্যমে আমাদের কাছে এসেছে!’
যদিও গোটা ব্যাপার বেশিদূর এগোয়নি। কারণটা আর কিছু নয়, ব্যয়বহুল চুক্তির আশঙ্কা। AIFF-এর টেকনিক্যাল কমিটির এক সদস্যের কথায়, ‘ধরুন, জাভি সত্যিই ভারতীয় ফুটবলে আগ্রহী এবং আমরা তাঁকে রাজি করাতে পারলাম—তবুও তাঁর সঙ্গে চুক্তি করতে আমাদের বিরাট অঙ্কের টাকা খরচ করতে হবে!’
উল্লেখ্য, এর আগে একটি সাক্ষাৎকারে জাভি নিজেই জানিয়েছিলেন, তিনি ভারতীয় ফুটবল নিয়ে আগ্রহী। অতীতে অনেক স্প্যানিশ কোচ এদেশে কাজ করছেন, যা তাঁর কৌতূহলের মাত্রা বাড়িয়েছে।
প্রসঙ্গত, খেলোয়াড় হিসেবে জাভির দুনিয়াজোড়া পরিচিতি। বার্সেলোনা মিডফিল্ডে আন্দ্রেস ইনিয়েস্তা আর সার্জিও বুসকেতসের সঙ্গে তাঁর জুটি কিংবদন্তি তকমা পেয়েছে। ‘লা মাসিয়া’র ভাবশিষ্য ক্লাবের হয়ে ৭৬৭টি ম্যাচ খেলেছেন। বার্সার জার্সিতে জিতেছেন—৮টি লা লিগা, ৩টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি ‘কনটিনেন্টাল ট্রেবল’। ২০১৫ সালে পাড়ি দেন কাতারের ক্লাব আল সাদ-এ। সেখানেও চারটি ট্রফি জেতেন। ২০১৯ সালে ফুটবল থেকে অবসর নেন জাভি। জাতীয় দলের জার্সিতে জাভির সাফল্যও ঈর্ষণীয়। স্পেনের হয়ে তিনি জিতেছেন ২০০৮ ইউরো, ২০১০ ফিফা বিশ্বকাপ, ২০১২ ইউরো।
বার্সেলোনার কোচ হিসেবে জাভি ২০২৩ সালে সুপারকোপা দে এসপানিয়া এবং ২০২২–২৩ মরশুমে লা লিগা জেতেন। তাঁর কোচিংয়ে ক্লাবের যুব দল নতুন করে গতি পায়।