ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন দুই লিভারপুল কিংবদন্তি।

রবি ফাউলার ও হ্যারি কিউয়েল
শেষ আপডেট: 22 July 2025 15:21
দ্য ওয়াল ব্যুরো: মানোলো মার্কুয়েজ সরে দাঁড়ানোর পর ভারতীয় জাতীয় ফুটবল দলের (Indiand National Football Team) হেড কোচের (Head Coach) হটসিট এখন ফাঁকা রয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) কোচের পদের আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যে আবেদন করেছেন সঞ্জয় সেন ও খালিদ জামিলের মতো ভারতীয় কোচেরা। পাশাপাশি বেশ কিছু বিদেশি কোচও আবেদন করেছেন বলে জানা গিয়েছে।
এবার জানা গেল, ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন দুই লিভারপুল কিংবদন্তি। এঁদের মধ্যে একজনের আবার ভারতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। এই দুই অল রেডস প্রাক্তনী হলেন রবি ফাউলার (Robbie Fowler) ও হ্যারি কিউয়েল (Harry Kewell)।
মানোলো মার্কুয়েজ সরে যাওয়ার পর চলতি মাসেই কোচের পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল এআইএফএফ। ফেডারেশন সূত্র জানা গিয়েছে, আবেদনের তালিকাটা বেশ দীর্ঘ। ইতিমধ্যেই জাতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন ১৭০ জন। যাঁদের মধ্যে রয়েছেন বেশ কিছু আইএসএল-এ কোচিং করানো কোচও। এই তালিকায় রয়েছেন স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine) মতো প্রাক্তন ভারতীয় কোচও।
৬২ বছর বয়সি কনস্ট্যানটাইন এর আগে দু’বার ভারতের দায়িত্বে ছিলেন। ২০০২-০৫ এবং আবার ২০১৫ থেকে ২০১৯ সালের এশিয়ান কাপ পর্যন্ত এই ব্রিটিশ কোচ ছিলেন মেন ইন ব্লুজ-এর চাণক্য। পাশাপাশি তিনি ইন্ডিয়ান সুপার লিগের ২০২২-২৩ মরশুমে ইস্টবেঙ্গলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। কনস্ট্যানটাইনের কোচিংয়ে ভারত শেষ ম্যাচ খেলেছিল মায়ানমারের বিরুদ্ধে। সেই ম্যাচে সুনীলরা হেরে গিয়েছিলেন ০-১ গোলে।
সেপ্টেম্বরে একটি আন্তর্জাতিক সময়সূচী আছে, কিন্তু ভারত যদি সে সময় কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলে তবেতাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট হবে ৯ এবং ১৪ অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাইপর্ব।
অস্ট্রেলিয়া এবং লিভারপুলের প্রাক্তন ফরোয়ার্ড হ্যারি কিউয়েলের শেষ কোচিং অ্যাসাইনমেন্ট ছিল গত বছর ইয়োকোহামা এফ মারিনোসের সঙ্গে। তিনি এবার ভারতের কোচ হতে চেয়ে আবেদন করেছেন। এদিক লিভারপুলের অপর প্রাক্তনী রবি ফাউলারও ভারতের কোচ হতে চেয়ে আবেদন করেছেন। ভারতীয় ফুটবলে এর আগেও কোচ হিসাবে দেখা গিয়েছে তাঁকে। আইএসএলে ইস্টবেঙ্গলকে কোচিং করিয়েছেন তিনি। তবে তাঁর সেই অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না।
পাশাপাশি আবেদন করেছেন, সাম্প্রতিক ইন্ডিয়ান সুপার লিগের কমপক্ষে তিনজন কোচ। জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল, ওড়িশা এফসির সার্জিও লোবেরা এবং মহামেডানের আন্দ্রে চেরনিশভও ভারতের জাতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন। লোবেরা মুম্বই সিটির সঙ্গে দু’বার ইন্ডিয়ান সুপার লিগ এবং এফসি গোয়ার হয়ে সুপার কাপ জিতেছেন। ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের প্রাক্তন কোচ কাইও জানার্দি এবং বার্সেলোনা ‘বি’ দলের প্রাক্তন ম্যানেজার জর্ডি ভিনিয়ালসও আবেদনকারীদের তালিকায় রয়েছেন।
৪৮ বছর বয়সি খালিদ জামিলের কোচিংয়ে এই বছর জামশেদপুর এফসি আইএসএল-এর সেমিফাইনালে পৌঁছয়। কিন্তু সেখানে জামশেদপুর ডাবল বিজয়ী মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ২-৩ ব্যবধানে হেরে যায়।
এদিকে, বাংলার হয়ে সন্তোষ ট্রফি এবং মোহনবাগানের হয়ে আই লিগ জেতা সঞ্জয় সেনও এই তালিকায় রয়েছেন। কোচ হতে চেয়ে আবেদন করেছেন মোহনবাগানের প্রাক্তন কোচ সন্তোষ কাশ্যপও।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবার ১৭০টি আবেদন পেলেও গতবার এই সংখ্যাটি ছিল ২৯১। এআইএফএফ ৪ জুলাই থেকে আবেদনপত্র আহ্বান শুরু করে, যা ছিল নির্বাহী কমিটির সভায় মানোলো মার্কুয়েজের পদত্যাগ করার মাত্র দুই দিন পরে। মজার বিষয় হল, প্রাথমিকভাবে জোরাল সাড়া পাওয়া গেলেও প্রথম তিন দিনের পরে গতি কমে যায়। পাশাপাশি গত বছর, বেশ কয়েকজন আবেদনকারীর বিশ্বকাপে কোচিংয়ের অভিজ্ঞতা ছিল। এবার, কিন্তু সেরকম বড় মাপের কোচের নাম আবেদনপত্রের তালিকায় নেই।