গঞ্জালো র্যামোসের ৯০ মিনিটের গোলে পিএসজি স্প্যানিশ জায়ান্টদের হারিয়েছে ২-১ গোলে।

পিএসজি বনাম বার্সেলোনা
শেষ আপডেট: 2 October 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে (UEFA Champions League) পিছিয়ে পড়েও বার্সেলোনাকে উড়িয়ে দিল পিএসজি (PSG vs Barcelona)। গঞ্জালো র্যামোসের ৯০ মিনিটের গোলে পিএসজি স্প্যানিশ জায়ান্টদের হারিয়েছে ২-১ গোলে।
ওসমানে ডেম্বেলে, ডিজায়ার ডু এবং খভিচা কোয়ারাটসখেলিয়ার মতো অভিজ্ঞ ফরোয়ার্ডদের ছাড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি এদিন বার্সেলোনার 'এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস' স্টেডিয়ামে নেমেছিল। প্রথমার্ধের ১৯ মিনিটে ফরাসি ক্লাবটি পিছিয়ে পড়ে ০-১ ব্যাবধানে। বার্সাকে এগিয়ে দেন ফেরান তোরেস।
তবে প্রথমার্ধেই সমতায় ফেরে পিএসজি। ৩৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান সানে মায়ুলু। ১-১ সমতাতেই শেষ হয় প্রথমার্ধ। আর শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার আশা ভেঙে দেন র্যামোস।
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে মোনাকোর সঙ্গে ২-২ গোলে ড্রয় করেছে ম্যাঞ্চেস্টার সিটি। ৯০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিজেনদের জয় থেকে বঞ্চিত করেন মোনাকোর এরিক ডায়ার।
পেপ গুয়ার্দিওলার ছাত্রদের হয়ে এই ম্যাচে দুই গোল করেন আরলিং হালান্ড। তবে তাঁর গোল নীল ম্যাঞ্চেস্টারকে তিন পয়েন্ট এনে দিতে পারেনি। গত মাসেই, হালান্ড লিগে দ্রুততম ৫০ গোল করা খেলোয়াড় হয়েছিলেন। এখন, তিনি দ্রুততম খেলোয়াড় হিসাবে ৬০ গোল করার পথে এগিয়ে যাচ্ছেন। লিওনেল মেসি ৮০ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন, যেখানে হালান্ড ৫০ ম্যাচে ৫২ গোল করেছেন।
অন্যান্য ম্যাচে ভিয়ারিয়াল এবং জুভেন্টাসও ২-২ গোলে ড্র করেছে। আর্সেনাল অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় তাদের ১০০% জয়ের রেকর্ড বজায় রেখেছে। নাপোলি স্পোর্টিং লিসবনকে ২-১ গোলে হারিয়েছে। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ড অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে হারিয়েছে। বায়ার লেভারকুসেন এবং পিএসভি আইন্দহোভেন ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।