তবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোল করে রেকর্ড গড়েলও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের বিশ্বকাপে যোগ্যতা নিশ্চিত করতে পারেননি। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

হ্যারি কেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
শেষ আপডেট: 15 October 2025 13:58
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাতে ছিল ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (World Cup 2026 Qualifiers) একাধিক ম্যাচ। ম্যাচগুলির পর বেশ কিছু দেশের ভাগ্য নির্ধারণ হয়েছে। ইউরোপ অঞ্চল থেকে প্রথম দেশ হিসাবে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড। পাশাপাশি গত কাতার বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালিও বিশ্বকাপের পথে এক ধাপ এগিয়েছে।
তবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঙ্গেরির (Portugal vs Hungary) বিরুদ্ধে জোড়া গোল করে রেকর্ড গড়েলও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের বিশ্বকাপে যোগ্যতা নিশ্চিত করতে পারেননি। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
এদিকে, লাটাভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে ইউরোপের প্রথম দেশ হিসাবে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড (England vs Latavia)। পাশাপাশি ইজরায়েলের বিরুদ্ধে জয় পেয়েছে চাপে থাকা ইতালিও (Italy vs Israel)। চারবারের বিশ্বচ্যাম্পিয়নইতালি ইজরায়েলকে হারিয়েছে ৩-০ গোলে। অপর ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন স্পেন বুলগেরিয়াকে (Spain vs Bulgaria) হারিয়েছে ৪-০ গোলে।
হাঙ্গেরির বিপক্ষে জিতলেই বিশ্বকাপের টিকিট কনফার্ম হয়ে যেত পর্তুগালের। কিন্তু ম্যাচের শুরুতেই ধাক্কা খায় পর্তুগিজরা। ৮ মিনিটে আতিলা সালাইয়ের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। তবে ২২ মিনিটে ও প্রথমার্ধের সংযোজিত সময়ে গোল করে পর্তুগালকে ২-১ গোলে এগিয়ে দেন সিআরসেভেন। যদিও ম্যাচের যোগ করা সময়ে দমিনিক সোবোসলাইয়ের গোলে পর্তুগালকে রুখে দেয় হাঙ্গেরি। ২-২ গোলের ড্রয়ে এখন বিশ্বকাপ নিশ্চিত করার জন্য অপেক্ষা করতে হবে পতুর্গালকে। ‘এফ’ গ্রুপে ৪ ম্যাচে পর্তুগালের ৩ জয় ও এক ড্র নিয়ে পয়েন্ট ১০। সমান ম্যাচে হাঙ্গেরির পয়েন্ট ৫। পর্তুগালই আছে গ্রুপের শীর্ষে।
হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করে আরও একটি রেকর্ড গড়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের বাছাই পর্বে এখন তিনিই সর্বোচ্চ গোলের মালিক।এত দিন পর্যন্ত এই রেকর্ডের ক্ষেত্রে রোনাল্ডো যৌথ ভাবে শীর্ষে ছিলেন গুয়াতেমালা ও মেজর লিগ সকারের (এমএলএস) কিংবদন্তি ফুটবলার কার্লোস রুইজের সঙ্গে। দুজনের গোল সংখ্যা ছিল ৩৯। কিন্তু হাঙ্গেরির বিরুদ্ধে দুই গোল করে ৪১ গোল করে এখন একক ভাবে শীর্ষ উঠে এলেন রোনাল্ডো। ৪০ বছরের রোনাল্ডো ৪১টি গোল করতে নিয়েছেন ৫১টি ম্যাচ। সব মিলিয়ে এই মহাতারকার গোল সংখ্যা এখন ৯৪৮।
এদিকে, রিগায় লাটভিয়াকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ‘থ্রি লায়ন্স’। ইংল্যান্ডই প্রথম দল যারা ইউরোপ অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করল।ফিফা র্যাংঙ্কিয়ে ১৩৭ নম্বরে থাকা লাটাভিয়াকে ইংল্যান্ড এক কথায় উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন হ্যারি কেন। একটি করে গোল আন্থনি গর্ডন ও এবেরেচি এজের। আর অন্য গোলটি ছিল আত্মঘাতী।
চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি গত কাতার বিশ্বকাপে সুযোগ পায়নি। এবারও যে আজুরিরা ভাল জায়গায় আছে, সেটা বলা যাচ্ছে না। তবে গতকাল রাতে উদিনেতে ইজরায়েলকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখল জেনারো গাত্তুসোর ছেলেরা। এই ম্যাচ জিতে ইতালির পয়েন্ট এখন ৬ ম্যাচে ১৫। গ্রুপ ‘আই’–এ তাদের অবস্থান দ্বিতীয়। অন্যদিকে ৬ ম্যাচের সব কটিতে জিতে শীর্ষে থাকা নরওয়ের পয়েন্ট ৬ ম্যাচে ১৮। এখন সরাসরি বিশ্বকাপ খেলতে হলে ইতালিকে নিজেদের হাতে থাকা দুই ম্যাচে জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে নরওয়ের দিকেও।
গ্রুপ ‘ই’–এর ম্যাচে ৪-০ গোলে বুলগেরিয়াকে উড়িয়ে দিয়ে পরপর চার ম্যাচ জিতে বিশ্বকাপের আরও কাছে পৌঁছে গেল ইউরো জয়ী স্পেন। স্প্যানিশ আর্মাডার হয়ে জোড়া গোল করেছেন মিকেল মেরিনো। একটি গোল করেছে মিকেল অয়রাজাবাল ও অন্য গোলটি আত্মঘাতী। এই গ্রুপে তুরস্ক এখনও শীর্ষস্থানে রয়েছে। আর লুয়ে ফুয়েন্তের স্পেন রয়েছে দ্বিতীয় স্থানে।
মঙ্গলবার রাতে এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে সৌদি আরব ও গতবারের আয়োজক কাতার। সৌদি এবার নিয়ে পরপর তিনবার বিশ্বকাপ খেলবে। গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল-বিশ্বকে চমকে দিয়েছিল তারা। সৌদি গোলশূন্য ড্র করেছে ইরাকের সঙ্গে আর সংযুক্ত আরব আমিরশাহিকে ২-১ গোল হারিয়েছে কাতার।