Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘শতকে’র রেকর্ড গড়ার দিনেও ট্রফিহারা রোনাল্ডো, সৌদি সুপার কাপে আল নাসেরকে হারাল আল আহলি

হংকংয়ে সৌদি সুপার কাপের আয়োজন এই প্রথম। হাজার হাজার সমর্থক ভিড় করেছিলেন মূলত রোনাল্ডোকে দেখতে। ম্যাচের তালে তালে ছড়িয়েছে স্টেডিয়াম জুড়ে গ্যালারির গর্জন, স্লোগানের উত্তাপ।

‘শতকে’র রেকর্ড গড়ার দিনেও ট্রফিহারা রোনাল্ডো, সৌদি সুপার কাপে আল নাসেরকে হারাল আল আহলি

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 August 2025 14:06

দ্য ওয়াল ব্যুরো: হংকংয়ে ইতিহাস লিখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আল নাসেরের (Al Nassr) জার্সিতে শততম গোল করে তৈরি করলেন নজির। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি দেশে একশো গোলের কীর্তি তাঁর নামে। কিন্তু উদ্যাপনের রাত-শেষে হাহাকারের সুর। সৌদি সুপার কাপ ফাইনালে (Saudi Super Cup) আল আহলির (Al-Ahli) কাছে টাইব্রেকারে হেরে মরশুমের প্রথম ট্রফি হাতছাড়া করল আল নাসের (Al Nassr)।

শনিবার হংকং স্টেডিয়ামে ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ২-২ সমতায় শেষ হয়। লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় আল আহলি। রোনাল্ডো স্পটকিক থেকে গোল করলেও শেষ রক্ষা হয়নি। ক্যামেরায় ধরা পড়ে বিষাদঘন মুহূর্ত—গভীর শূন্যদৃষ্টিতে মাঠে দাঁড়িয়ে যেন নিজেকেই কিছু বলছেন পর্তুগিজ তারকা। চোখেমুখে স্পষ্ট হতাশা।

তবু রেকর্ডগড়া রাত শুরু হয়েছিল স্বপ্নময় ছন্দে। প্রথমার্ধ শেষের পাঁচ মিনিট আগে আলি মাজরাশির হ্যান্ডবলে পেনাল্টি পায় আল নাসের। অনায়াসে গোল করেন রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, জুভেন্তাসের হয়ে ১০১ এবং দেশের জার্সিতে ১৩৮… এখন সৌদি ক্লাবের হয়ে গোল সংখ্যা তিন অঙ্কে। যদিও রোনাল্ডোর এনে দেওয়া লিড বেশিক্ষণ থাকেনি। ইনজুরি টাইমে এঞ্জো মিলোর পাস ধরে সমতা ফেরান ফ্রাঙ্ক কেসি।

দ্বিতীয়ার্ধে দু’দলই ছুটেছে জয়ের লক্ষ্যে। রোনাল্ডোর জোরালো শট দুরন্ত সেভ করেন এদুয়ার্দ মেন্দি। ফিরাস আল-বুরাইকান পোস্টে মারেন বল। ৮২ মিনিটে ব্রোজোভিচ আল নাসেরকে ফের এগিয়ে দেন। কিন্তু অন্তিম মুহূর্তে মাহরেজের কর্নার থেকে হেডে সমতা ফেরান রজার ইবাঞ্জ। গোলকিপার বেন্তো বলের বাঁকবদল বুঝতে না পারায় সুযোগ কাজে লাগান আল আহলির ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তারপরই টাইব্রেকার। আল আহলি নিখুঁত। একটিও শট মিস করেনি। আল নাসরের ব্যর্থতা একবারই। কিন্তু সেটাই শিরোপার ফারাক গড়ে দেয়।

হংকংয়ে সৌদি সুপার কাপের আয়োজন এই প্রথম। হাজার হাজার সমর্থক ভিড় করেছিলেন মূলত রোনাল্ডোকে দেখতে। ম্যাচের তালে তালে ছড়িয়েছে স্টেডিয়াম জুড়ে গ্যালারির গর্জন, স্লোগানের উত্তাপ। কিন্তু ফাইনালে হাসি ফুটল না রোনাল্ডোর মুখে। ২০২৩ সালে দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে পাড়ি দেন। বয়স, সময়—সবকিছুকে হার মানিয়ে খেলে চলেছেন এখনও।


```