
ইস্টবেঙ্গলের নতুন ফরোয়ার্ড রিচার্ড সেলিস
শেষ আপডেট: 7 January 2025 17:32
দ্য ওয়াল ব্য়ুরো : মঙ্গলবার (৭ জানুয়ারি) ইস্টবেঙ্গল এফসি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। চোট পাওয়া মাদিহ তালালের জায়গায় দলে নিয়েছে ভেনেজুয়েলার ফুটবলার রিচার্ড সেলিসকে। কিন্তু, আপনারা কি জানেন যে ইন্ডিয়ান সুপার লিগে এর আগেও ভেনেজুয়েলার দুই ফুটবলার খেলে গিয়েছেন। মনে পড়ছে না তাঁদের নাম? আসুন, দেখে নেওয়া যাক।
প্রথমেই মনে পড়ে গ্যাব্রিয়েল চিচেরোর কথা। সালটা ছিল ২০১৭। ইন্ডিয়ান সুপার লিগে দিল্লি ডায়নামোস এফসি রক্ষণভাগ শক্তিশালী করার জন্য ৩৩ বছয় বয়সি গ্যাব্রিয়েল আলেজান্দ্রো চিচেরোকে সই করিয়েছিল। ২০১৭-১৮ মরশুমে দিল্লির হয়ে দাপুটে ফুটবল উপহার দিয়েছিলেন ভেনেজুয়েলার এই ডিফেন্ডার। যদিও পরের মরশুমে তাঁর সঙ্গে আর চুক্তি বৃদ্ধি করা হয়নি। উল্লেখ্য, ২০১৭-১৮ মরশুমে দিল্লির এই ফুটবল ফ্র্যাঞ্চাইজি পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে শেষ করেছিল।
এরপর ভেনেজুয়েলার দ্বিতীয় ফুটবলার হিসেবে যাঁর কথা মাথায় আসে, তিনি হলেন মিকু। ভেনেজুয়েলার স্ট্রাইকার নিকোলাস মিকুর নাম অনেকের কাছেই বেশ পরিচিত। ২০১১ কোপা আমেরিকায় তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তো, এই মিকুকেই ২০১৭ সালে বেঙ্গালুরু এফসি সই করিয়েছিল। ২০১৭-১৮ মরশুমে তিনি ২০ ম্যাচে মোট ১৫ গোল করেছিলেন। পরের মরশুমে তিনি ১২ ম্যাচে মাত্র পাঁচটি গোল করেন। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে মিকু মেট্রোপলিটনস এফসি নামের একটি ক্লাবের হয়ে খেলছেন।
ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেওয়ার পর ভেনেজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিসও যারপরনাই খুশি। তিনি বলেছেন, 'ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়ে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের ঐতিহ্যবাহী ইতিহাস এবং সমর্থকদের ব্যাপারে অনেক কথা শুনেছি। আমি নিজের কেরিয়ারে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছি। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমি মুখিয়ে রয়েছি। জয় ইস্টবেঙ্গল।'