সোমবার উয়াড়ির কাছে ১-২ গোলে হেরে গেল সাদা-কালো ব্রিগেড।

মহামেডান বনাম উয়াড়ি
শেষ আপডেট: 18 August 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: সবেমাত্র রাতের দুঃস্বপ্ন কিছুটা হলেও কাটতে শুরু করেছিল মহামেডান সমর্থকদের (Mohammedan)। কলকাতা লিগে (CFL) পরপর দু’টি ম্যাচ জিতে সমর্থকদের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন মেহেরাজউদ্দিন ওয়াডুর ছাত্ররা। কিন্তু অচিরেই ভাল দিনের সলিল সমাধি ঘটল। সোমবার উয়াড়ির কাছে ১-২ গোলে হেরে গেল সাদা-কালো ব্রিগেড।
এর আগের দুই ম্যাচে সাদার্ন সমিতি ও শ্রীভূমিকে হারিয়ে এদিন জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নেমেছিল মহামেডান। প্রতিপক্ষ উয়াড়িও এবার ভাল অবস্থায় নেই। মহামেডান টেবিলের লাস্ট বয়, আর তার উপরের স্থানটিতেই রয়েছে উয়াড়ি। কিন্তু তাদের কাছে হেরে অবনমনের আশঙ্কায় ব্ল্যাক প্যান্থার্সরা।
এদিন নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে শুরু থেকেই অগোছাল দেখিয়েছে মেহেরাজের ছাত্রদের। মহামেডানের দুর্বলতার সুযোগ নিয়ে ১৩ মিনিটে সাকির আলির গোলে এগিয়ে যায় উয়াড়ি। তবে পিছিয়ে পড়লেও মহামেডান ফুটবলারদের মধ্যে ম্যাচে ফেরার জন্য কোনও মরিয়া ভাব চোখে পড়েনি। ০-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মহামেডান।
দ্বিতীয়ার্ধেও একই ছবি বজায় থাকে। উয়াড়ির আক্রমণের সামনে মহামেডান ডিফেন্সকে বিধ্বস্ত দেখাচ্ছিল। ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উয়াড়ি। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রাকেশ কাপুরিয়া। ০-২ গোলে পিছিয়ে পড়ার পর কিছুটা হলেও ঘুম ভাঙে মেহেরাজের ছেলেদের। ৭৫ মিনিটে সাদা-কালোর হয়ে ব্যবধান কমান আদিসন সিং। কিন্তু এরপরে আর কোনও গোল না হওয়ায় হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় মহামেডানকে।