বিশ্বকাপের আলো এখনও তাঁকে টানছে। বুটজোড়া তুলে রাখার আগে নামতে চান শেষ লড়াই লড়ে নিতে—এই মনোভাবেই নিজেকে প্রস্তুত করছেন ব্রাজিলিয়ান মহাতারকা।

নেইমার
শেষ আপডেট: 22 February 2026 13:42
দ্য ওয়াল ব্যুরো: ফুটবল দুনিয়ায় চমক। ব্রাজিলের তারকা নেইমার (Neymar) ইঙ্গিত দিলেন, ২০২৬ মরশুমই হতে পারে তাঁর কেরিয়ারের শেষ বছর। তবে বর্ণময় ফুটবল-জীবনে ইতি টানার আগে চূড়ান্ত লক্ষ্য—আরও একবার ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2026) ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামা। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড জানিয়েছেন, তিনি এখন ধাপে ধাপে প্রতি বছরের পরিকল্পনায় বিশ্বাসী, ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন। অতিসম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আগামী বছর কী হবে জানি না। ডিসেম্বর এলে হয়তো অবসরের ইচ্ছে জাগবে। এখন আমি বছর ধরে ভাবছি।’
বিশ্বকাপই শেষ বড় স্বপ্ন?
নেইমারের কথায় স্পষ্ট, ২০২৬ তাঁর কাছে বিশেষ বছর। ‘এটা শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিলের জন্যও গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মরশুম!’ বলেছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে শেষবার নিজের ছাপ রাখার ইচ্ছেই বড় চালিকাশক্তি হলেও ব্রাজিলীয় ফুটবল তারকা ২০২৩ সালের অক্টোবরের পর আর দেশের হয়ে খেলেননি। দীর্ঘ চোটের কারণে জাতীয় দল থেকে দূরে। তবু ১২৮ ম্যাচে ৭৯ গোলদাতা নেইমার ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এই রেকর্ড বুঝিয়ে দেয়, ফিট থাকলে তাঁর গুরুত্ব কতটা।
চোটই সবচেয়ে বড় প্রতিপক্ষ
গত কয়েক বছর ধরে নেইমারের সবচেয়ে বড় শত্রু চোট। প্যারিস সাঁ জারমাঁ (Paris Saint-Germain) ছেড়ে সৌদি আরবের আল হিলালে (Al Hilal) সংক্ষিপ্ত অধ্যায়, তারপর ছেলেবেলার ক্লাব সান্তোসে (Santos) প্রত্যাবর্তন। কিন্তু হাঁটুর গুরুতর আঘাতে অস্ত্রোপচার করতে হয়েছে। সব মিলিয়ে প্রায় দুশো দিন মাঠের বাইরে। গত বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৯ ম্যাচে ১১ গোল ও ৫ অ্যাসিস্ট রয়েছে ঠিকই, কিন্তু ধারাবাহিকতা উধাও! বয়সের সঙ্গে শারীরিক ধকলও স্পষ্ট। ফলে অবসর প্রসঙ্গ নেইমারের কেরিয়ারে আর অবাস্তব নয়।
ব্রাজিল দলে জায়গা মিলবে?
নতুন কোচ কার্লো অ্যান্সেলোত্তির (Carlo Ancelotti) অধীনে ব্রাজিল নতুন ছকে এগোচ্ছে। রাফিনহা (Raphinha), রদ্রিগোর (Rodrygo) মতো নতুন প্রজন্ম দায়িত্ব তুলে নিচ্ছে। রিপোর্ট মতে, ইতালীয় কোচ দরজা বন্ধ করেননি ঠিকই। তবে আগের মতো নেইমার কোনওভাবেই ‘অটোমেটিক চয়েস’ নন। ফিটনেস ও ফর্ম প্রমাণ করলেই মিলতে পারে সুযোগ।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল রয়েছে গ্রুপ সি-তে। আর তিন দল: হাইতি (Haiti), স্কটল্যান্ড (Scotland) ও মরক্কো (Morocco)। নেইমার যদি ক্লাব সান্তোসের হয়ে ছন্দে ফেরেন, তবে কেরিয়ারের অন্তিম অধ্যায় লেখা অসম্ভব কিছু নয়। তবে আপাতত বড় প্রশ্ন—২০২৬-ই কি শেষ মরশুম? নেইমার নিজে জানাচ্ছেন, তিনি নিশ্চিত নন। বিশ্বকাপের আলো এখনও তাঁকে টানছে। বুটজোড়া তুলে রাখার আগে নামতে চান শেষ লড়াই লড়ে নিতে—এই মনোভাবেই নিজেকে প্রস্তুত করছেন ব্রাজিলিয়ান মহাতারকা।