শনিবার রাতে নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে দু’গোলের সুবাদে ‘নন-পেনাল্টি গোলে’র তালিকায় (৭৬৪) প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে গেলেন (Lionel Messi Surpasses Cristiano Ronaldo For Most Non-Penalty Goals)।

লিওনেল মেসি
শেষ আপডেট: 20 July 2025 13:47
দ্য ওয়াল ব্যুরো: মাঝমাঠ থেকে সের্জিও বুসকেতস্ক (Sergio Busquets) ডিফেন্স-চেরা থ্রু পাস বাড়াচ্ছেন। আর সময়-মাপা দৌড়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়াচ্ছেন লিওনেল মেসি (Lionel Messi)!
এতদিন এই দৃশ্য হামেশাই দেখেছে ন্যু ক্যাম্প (Camp Nou)। সাক্ষী থেকেছেন বার্সা সমর্থকেরা। এবার ইন্টার মায়ামির কয়েক হাজার অনুগামী দেখলেন দুই মহাতারকার তালমিল। বুসকেতস্কের সেই চিরচেনা অ্যাসিস্ট। মেসির ট্রেডমার্ক ফিনিশ। গোটা ম্যাচ দাপিয়ে বেড়ালেন আর্জেন্তিনীয় তারকা। দু’গোল নিজে করলেন। আর দুটোর রাস্তা খুলে দিলেন।
দিনের শেষে শুধু ৫-১ গোলের বিরাট ব্যবধানে রেড বুলসকে (Red Bulls) হারিয়ে তিন পয়েন্টই জুটল না, ব্যক্তিগত মাইলফলক হাসিল করে এমএলএসের (MLS) এই ম্যাচকে মেসি স্মরণীয় রাখলেন। শনিবার রাতে নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে দু’গোলের সুবাদে ‘নন-পেনাল্টি গোলে’র তালিকায় (৭৬৪) প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে গেলেন (Lionel Messi Surpasses Cristiano Ronaldo For Most Non-Penalty Goals)। এখন সর্বকালীন শীর্ষে শুধুমাত্র একজন… লিওনেল মেসি।
যদিও এই রেকর্ড শুধু সংখ্যার খেলা নয়। রোনাল্ডো (Cristiano Ronaldo) যেখানে ১ হাজার ১৬১ ম্যাচে ৭৬৩টি নন-পেনাল্টি গোল (Non-Penalty Goals) করেছেন, মেসি সেই নজির ডিঙতে নেমেছেন ৯৯৪ ম্যাচে। অর্থাৎ, ১৬৭টি ম্যাচ কম খেলেই ভেঙেছেন রেকর্ড। ফলে স্রেফ নজির গড়াই নয়, দাপটের সঙ্গে আধিপত্য বজায় রাখার লড়াইয়েও সিআরসেভেনকে টেক্কা দিলেন মেসি।
ম্যাচের ৬০ মিনিটে প্রথম গোল করে রোনাল্ডোর সঙ্গে সমতায় পৌঁছন। ৭৫ মিনিটে দ্বিতীয় গোল। এই নিয়ে গত সাতটি ম্যাচে মেসি ছ’বার অন্তত দুটি করে গোল করলেন। রেকর্ড-ঝলমলে রাতে তাঁর গোলও ছিল চোখজুড়োনো। প্রথমটি আসে মেসির সিগনেচার রান থেকে—বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে দেন। দ্বিতীয়টি হয় বুক দিয়ে বল নামিয়ে নিখুঁত ফিনিশে। গোলরক্ষক কোনো সুযোগই পাননি!
গত সপ্তাহে সিসিনাটির কাছে ০-৩ ব্যবধানে হারতে হয় মায়ামিকে (Inter Miami)। সেই ম্যাচে টানা ছ’বার ব্রেস (ম্যাচপিছু অন্তত দুটি গোল) করার গতিও যায় থেমে। কিন্তু শনিবার রাতে পরিচিত মেজাজে ফেরামাত্র মেসি বুঝিয়ে দিলেন, ছন্দে আসতে তাঁর দেরি হয় না। চলতি মরশুমে এর আগেও মন্ট্রিয়াল, কলম্বাস, নিউ ইংল্যান্ড রেভলিউশন—সব দলের বিরুদ্ধে দু’টি করে গোল রয়েছে মেসির।
পরিসংখ্যানের নিরিখে মেসি প্রথম খেলোয়াড় যিনি এমএলএসে টানা পাঁচ ম্যাচে দু’টি বা তার বেশি গোল করেছেন। এর আগে এমন দুরন্ত ফর্ম ও ধারাবাহিকতা কেউ দেখাতে পারেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই গোলগুলি সবই এসেছে পেনাল্টি ছাড়া—মানে ‘ওপেন প্লে’ বা সেট পিস থেকে। পাশপাশি ইন্টার মায়ামিও আপাতত আত্মবিশ্বাসে ভরপুর। আগামী কয়েক দিনের মধ্যে যোগ দিতে পারেন মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডে পল।