ক্লাব হিসেবেই যে ইন্টার মায়ামি মানে খাটো, মেনে নিয়েছেন ইব্রা।

মেসি ও ইব্রাহিমোভিচ
শেষ আপডেট: 30 June 2025 11:19
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি কোনও দলের হয়ে খেলছেন আর তারা ৪ গোলে হারছে—এই ছবি বিরল। কেরিয়ারে খুব কমবারই বিরাট ব্যবধানে পরাজয়ের মুখ দেখেছেন আর্জেন্তিনীয় ফুটবল তারকা।
এখন তিনি কেরিয়ারের প্রান্তবেলায়। বিশ্বকাপ খেলেই বুটজোড়া চিরতরে খুলে রাখবেন—এমনটাই জল্পনা। কিন্তু তার আগে ইন্টার মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নেমে চ্যাম্পিয়নস লিগ বিজয়ী পিএসজির হাতে নাস্তানাবুদ হলেন মেসি। কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করল লুই এনরিকে বাহিনী। নেহাতই একপেশে লড়াইয়ে ৪-০ স্কোরলাইনে বিধ্বস্ত করল আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিকে।
মাঠে নেমে নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন মেসি। ফাইনাল পাস বাড়িয়েছেন, কাউন্টার অ্যাটাকের সুযোগ গড়ে দিয়েছেন—মোট কথা প্লেমেকার হিসেবে যা কিছু করার, তাতে এতটুকু কসুর রাখেননি। তবুও দলের পরাজয় ঠেকাতে ব্যর্থ হয়েছেন। এমএলএস ক্লাবের টুর্নামেন্টে অভিযান এবারের মতো শেষ।
এই নিয়ে সমালোচকদের অনেকে মেসির দিকে আঙুল তুলেছেন। সমাজমাধ্যমে ট্রোলডও হচ্ছেন এলএমটেন। যদিও তাকে আমল দিতে নারাজ ফুটবল তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। বার্সেলোনায় মেসিরে সঙ্গে খেলেছেন। সেই সময় কোচ ছিলেন পেপ গোয়ার্দিওলা। লা লিগা খেতাব জেতে বার্সা। মায়ামির পরাজয় প্রসঙ্গে ইব্রাহিমোভিচ বলেন, ‘মেসির হার? মোটেও নয়। এটাকে মেসির ভুল হিসেবে দেখবেন না। মেসি পরাস্ত হয়নি। ইন্টার মায়ামি হেরেছে।’ তারপর আমেরিকার ক্লাবকে তুলোধনা করে তিনি জুড়ে দেন, ‘এই দলের ছিরি দেখেছেন? মেসি তো স্ট্যাচুদের সঙ্গে খেলে, এই ক্লাবে ওর কোনও সতীর্থই নেই। যদি ও আসল দলের হয়ে খেলত, হয় প্যারিস, নয়তো ম্যাঞ্চস্টার কিংবা অন্য কোনও বড় টিমে, তাহলে আপনারা আসল সিংহকে দেখতে পেতেন।’
তাহলে এতকিছু ছেড়ে ছোট দলের হয়ে নামছেন কেন? ইব্রাহিমোভিচের যুক্তি, ‘স্রেফ ফুটবলটা ভালবাসে বলে খেলছে। মেসি এখনও যা কিছু করতে পারে, সেটা ৯৯ শতাংশ ফুটবলার করে দেখাতে পারবে না। ওর চারপাশের ফুটবলারদের দেখে মনে হয় কাঁধে সিমেন্টের বস্তা নিয়ে ছুটছে।’
ক্লাব হিসেবেই যে ইন্টার মায়ামি মানে খাটো, মেনে নিয়েছেন ইব্রা। তাঁর কথায়, ‘বল পায়ে না থাকলে কীভাবে খেলতে হয়, সেটা বোঝার মতো কোচ, তারকা কিংবা কোনও ফুটবলার এই দলে নেই। এরপরও আপনারা মেসিকে দুষছেন? ও যখন এমবাপে, হালান্ড, জ্লাতান কিংবা রোনাল্ডোর স্তরের ফুটবলারদের সঙ্গে খেলবে, তখন সমালোচনা করতে পারেন। কিন্তু আজ? কোনওভাবেই নয়।’