দুই দলই এদিন নিজেদের ঝালিয়ে নিতে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল ক্লোজড ডোর ম্যাচে। তবে ম্যাচে কোনও পক্ষই গোল করতে পারেনি।

মোহনবাগান
শেষ আপডেট: 9 September 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: গত মরশুম স্বপ্নের মধ্যে দিয়ে কেটেছ গোষ্ঠ পাল সরণির ক্লাবের। তবে চলতি মরশুমের শুরটা মোটেও ভাল হয়নি সবুজ-মেরুন ব্রিগেডের। ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে হেরে গিয়ে। পাশাপাশি জুনিয়র টিম নিয়ে খেলে কলকাতা লিগের সুপার সিক্সেও উঠতে পারেনি মোহনবাগান। তবে এই সব নিয়ে মোটেও হতাশ নন বাগান সমর্থকরা। তাঁদের পাখির চোখ এখন এসিএল-২ (ACL2)।
আন্তঃমহাদেশীয় এই প্রতিযোগিতায় মেরিনার্স অভিযান শুরু করবে ১৬ সেপ্টেম্বর। যুবভারতীতে মোলিনার ছাত্রদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আহাল এফসি। ক্লাব কর্তৃপক্ষ এবার এসিএল-২-এ ভাল ফল করতে মরিয়া। গত কয়েক মরশুম ধরে একই দল ধরে রেখেছে মোহনবাগান। তাই দলের বোঝাপড়া আগে থেকেই তৈরি হয়ে রয়েছে। বেশ কয়েকদিন অনুশীলনের পর ফুটবলারদের ফিটনেসও তৈরি হয়ে গিয়েছে। পাশাপাশি ব্রাজিলের রবসন রবিনহোর অন্তর্ভুক্তিতে আক্রমণ ভাগের শক্তিও বেড়েছে।
মঙ্গলবার এসিএল-২-এর প্রস্তুতির লক্ষ্যে এফিস গোয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান (Practice Match, Mohunbagan vs FC Goa)। এফসি গোয়াও এসিএল-২ খেলবে। দুই দলই এদিন নিজেদের ঝালিয়ে নিতে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল ক্লোজড ডোর ম্যাচে। তবে ম্যাচে কোনও পক্ষই গোল করতে পারেনি। আসলে কোনও দলই এদিন মরিয়া হয়ে ওঠেনি সম্ভবত চোট-আঘাতের ভয়ে।
এদিন মোহনবাগানের গোলরক্ষকের দায়িত্বে ছিলেন বিশাল কাইথ। এছাড়া প্রথম একাদশে চার ডিফেন্ডার হিসাবে ছিলেন মেহতাব সিং, টম অলড্রেড, অভিষেক সিং ও আশিস রাই। মাঝমাঠে ছিলেন আপুইয়া, দীপক টাংরি, লিস্টন কোলাসো ও কিয়ান নাসিরি। চার মিডফিল্ডারের উপরে ‘নম্বর টেন’ হিসাবে ছিলেন সাহাল আবদুল সামাদ ও একমাত্র স্ট্রাইকার হিসাবে জেসন কামিংস।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে (৭০ মিনিট) বেশ কিছু পরিবর্তন আনেন বাগান চাণক্য হোসে মোলিনা। সাহাল, টাংরি ও অভিষেকের পরিবর্তে মাঠে নামেন সুহেল ভাট, অভিষেক সূর্যবংশী ও শুভাশিস বোস। বাগান অধিনায়ক শুভাশিস দীর্ঘদিন পর এদিন মাঠে নামলেন। ৮০ মিনিটে লিস্টনের পরিবর্তে রবসন, কামিংসের পরিবর্তে ম্যাকলরেন ও সুহেলের জায়গায় নামানো হয় পেত্রাতোসকে। নেমেই একটি সুযোগ পেয়েছিলেন রবসন। যদিও তাঁর জোরাল শট লক্ষ্যভ্রষ্ট হয়।