এই ম্যাচের পর ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকল মোহনবাগান।

মোহনবাগান বনাম সুরুচি সংঘ
শেষ আপডেট: 21 August 2025 17:49
দ্য ওয়াল ব্যুরো: গোষ্ঠ পাল সরণির ক্লাবের আঁধার যেন কিছুতেই কাটছে না। ডুরান্ডের শেষ আটে ইস্টবেঙ্গলের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছে। এর পরের ম্যাচেই পয়েন্ট খোয়াল মোহনবাগান। কলকাতা ফুটবল লিগের ম্যাচে (CFL) সুরুচির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সবুজ-মেরুন ব্রিগেড (Mohunbagan vs Suruchi Sangha)।
মোহনবাগানের এদিনের প্রতিপক্ষ সুরুচি সংঘ এবারের কলকাতা লিগে দারুণ ছন্দে রয়েছে। তাদের বিরুদ্ধে নৈহাটি স্টেডিয়ামে পিছিয়ে পড়ার পর কোনওমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ডেগি কার্ডোজার ছাত্ররা।
লক্ষ্মীবারে সুরুচির বিরুদ্ধে প্রথম থেকেই অগোছাল দেখাচ্ছিল মেরিনার্সকে। করণ রাই, লিওয়ান কাস্তানা, পাশাং দোরজি তামাংরা নিজেদের মধ্যে তালমিলই খুঁজে পাচ্ছিলেন না। প্রথম থেকেই সুরুচির ফুটবলাররা বাগান ডিফেন্সের ঘাড়ে চেপে বসে। ক্রমাগত চাপ বজায় রাখার পর অবশেষে প্রথমার্ধের সংযোজিত সময়ে (৪৫+৩) জোসেফ হাকিপের গোলে এগিয়ে যায় সুরুচি। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মোহনবাগান।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়ায় মেরিনার্স। কিন্তু সুরুচির কোচ রঞ্জন ভট্টাচার্যের ছেলেদের তৎপরতায় সব আক্রমণই খেই হারাতে থাকে। অবশেষে ৮৭ মিনিটে মোহনবাগানকে সমতায় ফেরান তুষার বিশ্বকর্মা। এর পর আর গোল না হওয়ায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পালতোলা নৌকা।
এই ম্যাচের পর ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকল মোহনবাগান। যেখানে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয় সুরুচি উঠে এল তৃতীয় স্থানে। এই অবস্থায় কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সে পৌঁছন কঠিন হয়ে গেল গঙ্গা পাড়ের ক্লাবের কাছে।