‘যেদিকে তাকাই, আর্সেনালের জার্সি! মনে হচ্ছে গোটা দেশটাই ‘গানার্স’! আশা করছি, কিছু লিভারপুল আর ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকও কোথাও না কোথাও লুকিয়ে আছেন!’

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 7 October 2025 13:48
দ্য ওয়াল ব্যুরো: ভারতে এসে চমকে গেলেন মাইকেল ওয়েন (Michael Owen)। ভাবতেও পারেননি, আর্সেনালের (Arsenal) এত সমর্থক রয়েছেন এ দেশে! গতকাল প্রিমিয়ার লিগের (Premier League) ফ্যান এনগেজমেন্ট ইভেন্টে হাজির হন হাজারো দর্শক। কিন্তু লাল-সাদা জার্সিতেই যেন ডুবে যায় গোটা ভেন্যু। যা দেখে ব্যালন ডি’অর-জয়ী প্রাক্তন লিভারপুল (Liverpool) ও ইংল্যান্ড (England) স্ট্রাইকার রসিক ভঙ্গিতে বলে ফেলেন, ‘আমি তো এসেছিলাম লিভারপুলের ভক্তদের দেখতে, কিন্তু এখানে তো সবাই আর্সেনাল সাপোর্টার!’
শনিবার মুম্বইয়ের (Mumbai) নেসকো সেন্টারে (NESCO Centre) আয়োজিত এই ইভেন্টে আসলে এক ফ্যান-পার্ক স্টাইলের স্ক্রিনিং, যেখানে হাজির ছিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন-ও (Sanju Samson)। তিনি জানালেন ফুটবলপ্রেমের কথা—‘আমি ছোটবেলা থেকেই ফুটবল ভালোবাসি। ভাই আর বাবার সঙ্গে খেলতাম নিয়মিত। প্রিমিয়ার লিগ অনেক বছর ধরে দেখছি। আমি খুব বড় লিভারপুল ভক্ত। ওদের খেলার ধরণটা দারুণ লাগে। শুরু থেকে এখনও পর্যন্ত ওদেরই সমর্থন করি!’
৪৫ বছর বয়সি ওয়েন এই নিয়ে দ্বিতীয়বার ভারতে এলেন। অভিজ্ঞতায় আপ্লুত তারকার কথায়, ‘আমি জানতাম ভারত ক্রিকেট ভালোবাসে। কিন্তু এখানকার ফুটবল-প্যাশন অসাধারণ। দর্শকরা অবিশ্বাস্যভাবে জড়িত। আমি যত জায়গায় গেছি, তত বেশি বুঝেছি—ভারত আসলে ফুটবলকেও বুকে টানতে চায়!’ এরপর হালকা মজার ছলে যোগ করলেন, ‘যেদিকে তাকাই, আর্সেনালের জার্সি! মনে হচ্ছে গোটা দেশটাই ‘গানার্স’! আশা করছি, কিছু লিভারপুল আর ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকও কোথাও না কোথাও লুকিয়ে আছেন!’
এদিনের অনুষ্ঠানে প্রিমিয়ার লিগ শিরোপা নিয়েও মত দিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড স্ট্রাইকার। ওয়েনের মন্তব্য, ‘এই মরশুমে লড়াইটা মূলত দু’দলের—লিভারপুল আর আর্সেনাল। ম্যানচেস্টার সিটি (Manchester City) ভালো শুরু করেছে ঠিকই, কিন্তু এই দুই দলের সমান নয়। আমি চাইব, লিভারপুলই শেষ পর্যন্ত ট্রফি জিতুক!’