কলকাতায় মেসির (Kolkata Messi) ৭০ ফুটের মূর্তি ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে।
.jpeg.webp)
কলকাতায় মেসি
শেষ আপডেট: 13 December 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় পা রেখেই উচ্ছ্বাস লিওনেল মেসির (Leo Messi)। লেকটাউনে নিজের ৭০ ফুটের বিশাল মূর্তি উন্মোচনের পর প্রথম প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী (Messi Kolkata Tour) তারকা জানালেন, ভারতে এসে তিনি দারুণ খুশি। বিশেষ করে কলকাতায় আসতে পেরে তাঁর আনন্দ আরও বেশি।
মেসি বলেন, এই সফরের বাকি সময়টা নিয়ে তিনি ভীষণই উচ্ছ্বসিত। তাঁর সঙ্গে সেই মুহূর্তে ছিলেন সতীর্থ লুইস সুয়ারেজ (Suarez) ও রদ্রিগো ডি পল (De Paul)। তিন জনকেই এদিন হাসিমুখে দেখা যায়।
কলকাতায় মেসির (Kolkata Messi) ৭০ ফুটের মূর্তি ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। সেই আবহেই নিজের অনুভূতি প্রকাশ করে মেসি জানান, “এখানে থাকতে পেরে খুব ভাল লাগছে।” ফুটবলের শহর কলকাতায় তাঁর আগমন যে বিশেষ গুরুত্ব বহন করছে, তা তাঁর কথাতেই স্পষ্ট।
এদিকে, কলকাতার এক নামী হোটেলে মুখোমুখি হন ফুটবলের রাজপুত্র লিয়োনেল মেসি ও বলিউডের বাদশা শাহরুখ খান। যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠানের আগেই এই স্মরণীয় সাক্ষাৎ। মেসিকে দেখে হাসিমুখে হাত বাড়িয়ে দেন শাহরুখ, আর উষ্ণ অভ্যর্থনায় এগিয়ে আসেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা। উপস্থিত ছিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল।
শুক্রবার গভীর রাতে, প্রায় আড়াইটে নাগাদ সুয়ারেজ় ও ডি’পলকে সঙ্গে নিয়ে কলকাতায় পৌঁছন মেসি। অন্যদিকে ভোরবেলায় ছোট ছেলে আব্রামকে নিয়ে শহরে আসেন শাহরুখ খান। সকালেই স্টেডিয়াম সংলগ্ন হোটেলে গিয়ে মেসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দুই তারকার আলাপ করিয়ে দেন অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত।
মেসি হাসিমুখে শাহরুখকে স্বাগত জানান, এমনকি স্নেহভরে কাছে টেনে নেন আব্রামকেও। কুশল বিনিময়ের পর একসঙ্গে ছবি তোলেন তাঁরা। সেই ছবিতে মেসি ও শাহরুখের মাঝখানে ছিলেন সুয়ারেজ, পাশে দেখা যায় ডি’পলকেও। উপস্থিত ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুও।
উল্লেখ্য, ১৪ বছর পর আবার কলকাতায় পা রাখলেন লিয়োনেল মেসি— আর সেই সফর শুরু হল দুই বিশ্বতারকার এক অনন্য মুহূর্ত দিয়ে।
১৪ বছর পরে ফের কলকাতার মাটিতে পা রাখলেন লিওনেল মেসি। বিমানবন্দরে নেমেই সরাসরি নিজের হোটেলের পথে রওনা দেন আর্জেন্টিনার মহাতারকা। সেখানে তাঁকে এক ঝলক দেখতে ভিড় জমান অসংখ্য অনুরাগী। হোটেলে পৌঁছে অল্প সময়ের বিশ্রাম নিয়েই শুরু হবে ব্যস্ত কর্মসূচি।
অনুষ্ঠান শেষ হতেই ফের বিমানবন্দরের পথে মেসি। দুপুর ২টোয় হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন তিনি। কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরেই শহর ছুঁয়ে যাবেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’ নামের এই ভারত সফরে কলকাতায় বিশ্রামের সুযোগ প্রায় নেই বললেই চলে— একের পর এক অনুষ্ঠানে অংশ নিয়েই শহর ছাড়বেন মেসি।