চলতি মরশুমে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করে মোট ৪৮টি গোলে সরাসরি অবদান রেখেছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

লিওনেল মেসি
শেষ আপডেট: 19 October 2025 15:16
দ্য ওয়াল ব্যুরো: সামনের মাসেই ভারত সফরে আসছেন ফুটবলের যুবরাজ লিওনেল মেসি (Lionel Messi)। তার আগে তিনি দুরন্ত ফর্মে রয়েছেন। ইন্টার মায়ামির (Inter Miami) জার্সিতে ফের ভাস্বর হয়ে উঠলেন মেজর লিগ সকারে (MLS)। দুরন্ত মেসি এবার জিতে নিলেন এমএলএস ২০২৫ মরশুমের গোল্ডেন বুট। চলতি মরশুমে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করে মোট ৪৮টি গোলে সরাসরি অবদান রেখেছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ৫-২ গোলে। এই ম্যাচে মেসি হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন। এই পারফরম্যান্সের পরই মেসি নিশ্চিত করেন মরশুমের সর্বোচ্চ গোলদাতার মুকুট। দ্বিতীয় স্থানে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্কা করেছেন ২৪ গোল। পাশাপাশি মেসি এখন ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুটজয়ী ফুটবলার এবং ২০২১ সালে নিউইয়র্ক সিটি এফসির ভ্যালেন্টিন ‘টাটি’ কাস্তেয়ানোসের পর প্রথম আর্জেন্তাইন, যিনি এমএলএস গোল্ডেন বুট জিতলেন।
মেসির প্রথম গোলটি আসে জর্দি আলবার নিখুঁত পাস থেকে। বল পেয়েই তিনি ন্যাশভিলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে জড়িয়ে দেন। এরপর ৬৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। আর ৮১ মিনিটে বাঁ পায়ের শটে বক্সের মাঝ থেকে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন। এতেই নিশ্চিত হয় মেসির হ্যাটট্রিক। এরপর সংযোজিত সময়ে তালেসকো সেগোভিয়ার গোলে অ্যাসিস্ট ছিল মেসির।