দিনের শেষে আলোচনায় রইল সেই রহস্যজনক ডেলিভারি। ক্রিকেটপ্রেমীদের মুখে এখন একটাই প্রশ্ন—স্টার্ক কি সত্যিই ১৭৬.৫ কিমি গতিতে বল করেছিলেন? নকি সেটা ‘স্পিডগানের দুষ্টুমি’?
.jpeg.webp)
মিচেল স্টার্ক
শেষ আপডেট: 19 October 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: পার্থের (Perth) সকালটা ছিল মেঘলা। কিন্তু আলো ছড়ালেন একজন—মিচেল স্টার্ক! (Mitchell Starc)। তাঁর হাতে বল মানেই আগুন। ভারতীয় টপ অর্ডারকে (Indian Top Order) বিধ্বস্ত করলেন প্রথম ওভারেই। তবে রবিবারের আলোচনার কেন্দ্রবিন্দু শুধু তাঁর উইকেট নয়, বরং এক অবিশ্বাস্য পরিসংখ্যান—স্পিডোমিটারে ধরা পড়েছে ১৭৬.৫ কিমি প্রতি ঘণ্টার ডেলিভারি!
রোহিত শর্মার বিরুদ্ধে প্রথম বলেই এমন আগুনে ডেলিভারিতে চমকে দিলেন ক্রিকেটবিশ্বকে। এতটাই দ্রুত, যে অনেকেই ভাবতে শুরু করেছেন—তাহলে কি সত্যিই ইতিহাসের দ্রুততম বলটা করে ফেললেন স্টার্ক?
আসলে ঘটনা ঘটে ম্যাচের একেবারে শুরুতে। স্টার্ক বল হাতে নামতেই অজি ডাগআউট থেকে চিৎকার—‘কাম অন মিচ!’ প্রথম ডেলিভারি ব্যাটসম্যানের গায়ে এসে লাগেনি ঠিকই, কিন্তু স্পিডগান দেখাল ১৭৬.৫ কিমি প্রতি ঘণ্টা! মুহূর্তে ভাইরাল হয়ে গেল স্ক্রিনশট, ক্লিপ, টুইট। ক্রিকেটপ্রেমীরা চোখ কচলাতে লাগলেন। অনেকে মজা করে লিখলেন, ‘স্টার্ক হয়তো থরের হাতুড়ি নিয়ে বল করছেন!’
যদিও বাস্তবে এটা স্পষ্টতই প্রযুক্তিগত ভুল (Speed Gun Error)। কারণ পরের বলগুলোতে তাঁর গড় গতি ছিল প্রায় ১৪০–১৪৫ কিমি। যা একেবারেই স্বাভাবিক ‘স্টার্কোচিত’-স্পিড। সেই বাস্তবিক ছন্দেই ভারতীয় ব্যাটারদের চাপে ফেলে দেন তিনি। বাউন্স, সুইং, লেংথ—সবকিছুর নিখুঁত মিশেল। প্রথমে রোহিতকে চেপে ধরেন। দ্রুত রান না আসায় স্পষ্ট বেরিয়ে আসে হতাশা। আর ঠিক তখনই অন্য প্রান্তে আঘাত হানেন হ্যাজেলউড (Josh Hazlewood)। স্লিপে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন ভারতের প্রাক্তন অধিনায়ককে। ১৪ বলে ৮ রানে।
এরপর স্টার্ক ধরা দেন আরও হিংস্র মেজাজে। সপ্তম ওভারে ইনসুইংয়ের ফাঁদে বন্দি বিরাট কোহলি (Virat Kohli)। অফস্টাম্পের বাইরের বল, সপাটে মারতে গিয়েই ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ। টপ অর্ডার দুই স্তম্ভকে হারিয়ে দিশেহারা। ৯ ওভারের মধ্যেই ৩ উইকেট, স্কোরবোর্ডে মাত্র ২৭ রান (India Powerplay Collapse)। ২০২৩ সালের পর এটাই ভারতের সবচেয়ে খারাপ পাওয়ারপ্লে পারফরম্যান্স।
তবু দিনের শেষে আলোচনায় রইল সেই রহস্যজনক ডেলিভারি। ক্রিকেটপ্রেমীদের মুখে এখন একটাই প্রশ্ন—স্টার্ক কি সত্যিই ১৭৬.৫ কিমি গতিতে বল করেছিলেন? নকি সেটা ‘স্পিডগানের দুষ্টুমি’?